বাড়ি বসেই লাইফ সার্টিফিকেট জমা দিন, Jeevan Praman অ্যাপে কীভাবে করবেন দেখুন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 14 নভেম্বর 2026 10:00 IST
হাইলাইট
  • Jeevan Praman অ্যাপের মাধ্যমে লাইফ সার্টিফিকেট জমা দেওয়া যায়
  • পেনশনভোগীরা পোর্টাল থেকে সার্টিফিকেটের PDF ডাউনলোড করতে পারবে
  • পেনশনভোগীদের ব্যাঙ্কে বা পোস্ট অফিসে সশরীরে উপস্থিত হতে হবে না

Jeevan Pramaan app allows digital life certificate submission online

ভারতে পেনশনভোগী মানুষের সংখ্যা এক কোটিরও বেশি। সাধারণত প্রতি বছর নভেম্বর মাসে পেনশন বিতরণকারী কর্তৃপক্ষকে ‘লাইফ সার্টিফিকেট' জমা করতে হয়। প্রবীণ বা অতি প্রবীণ মানুষেরা পেনশনের দাবিদার হতে বেঁচে আছেন কিনা, তা প্রমাণ করার জন্য জীবন প্রমাণপত্র জমা দিতে হয়। এই কাজের জন্য পেনশনভোগীদের ব্যাঙ্ক বা পোস্ট অফিসে সশরীরে উপস্থিত হতে হয়। কিন্তু বয়স্ক মানুষ বা অসুস্থতার কারণে যাঁদের চলাফেরায় সমস্যা রয়েছে, তাঁদের পক্ষে বাড়ির বাইরে যাওয়া বেশ অসুবিধাজনক। তাই এখন বাড়ি থেকেই লাইফ সার্টিফিকেট' জমা করার সুবিধা দিচ্ছে কেন্দ্রীয় সরকার। ফলে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ফর্ম তোলার বা জমা দেওয়ার ঝক্কি কমেছে।

ডিজিটাল পদ্ধতিতে আধার ভিত্তিক বায়োমেট্রিক অথেনটিকেশন ব্যবহার করে ডিজিটাল লাইফ সার্টিফিকেট (ডিএলসি) তৈরি ও জমা দিতে পারেন পেনশনভোগীরা। এটি অনলাইনে স্টোর করা থাকে। ফলে পেনশনভোগী নিজে ও তাঁর পেনশন প্রদানকারী সংস্থা উভয়েই সেটি অ্যাক্সেস করতে পারবে। নিরবিচ্ছিন্ন ভাবে পেনশেন পেতে Jeevan Praman অ্যাপের মাধ্যমেই লাইফ সার্টিফিকেট তৈরি করা ও জমা দেওয়া যাবে। আজকের প্রতিবেদনে অনলাইনে ডিজিটাল লাইফ সার্টিফিকেট তৈরির পদ্ধতি বর্ণনা করা হল।

Advertisement

ডিজিটাল লাইফ সার্টিফিকেট বানানোর আগে কী কী প্রয়োজন?

জীবন প্রমাণ অ্যাপের মাধ্যমে সার্টিফিকেট তৈরি করার আগে বেশ কিছু নথি এবং সরঞ্জাম হাতের কাছে রাখতে হবে। পেনশনভোগীকে বৈধ আধার কার্ড এবং আধারের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বর কাছে রাখতে হবে। পেনশন প্রদানকারী সংস্থার কাছে তাঁর আধার নম্বর নথিভুক্ত থাকতে হবে। এছাড়াও, ফিঙ্গারপ্রিন্ট বা আইরিস স্ক্যানারের মতো বায়োমেট্রিক ডিভাইস লাগবে।

Jeevan Praman অ্যাপে কীভাবে ডিজিটাল লাইফ সার্টিফিকেট তৈরি ও জমা দেবেন? 

জীবন প্রমাণ ক্লায়েন্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে ডিজিটাল লাইফ সার্টিফিকেট তৈরি করার প্রক্রিয়া মূলত দুটি ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপে অপারেটরের অথেনটিকেশন ও বায়োমেট্রিক ডিভাইস নথিভুক্ত করতে হয়। এরপর দ্বিতীয় ধাপে পেনশনভোগীদের পরিচয় যাচাই করে তাঁর লাইফ সার্টিফিকেট তৈরি করতে হয়।

প্রথমে স্মার্টফোন বা কম্পিউটারে জীবন প্রমাণ অ্যাপ ডাউনলোড করুন। তারপর ক্লায়েন্ট অ্যাপ্লিকেশন খুলে অপারেটর অথেনটিকেশন বা ডিভাইস রেজিস্ট্রেশন শুরু করুন। রেজিস্ট্রেশন একবারই করতে হবে। প্রয়োজন অনুসারে অপারেটর বা পেনশনভোগীর আধার নম্বর ও মোবাইল নম্বর লিখুন। রেজিস্টার করা নম্বরে একটি ওটিপি আসবে৷ সেটি এন্টার করুন।

Advertisement

ওটিপি ভেরিফিকেশন হয়ে গেলে অ্যাপ্লিকেশনটি অপারেটরের নাম ও ইমেল অ্যাড্রেস চাইবে। প্রয়োজনীয় তথ্যগুলি লিখে 'স্ক্যান ফিঙ্গার' অপশন বেছে নিন। অথেনটিকেশন প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হলে পর্দায় 'ডিভাইস রেজিস্ট্রেশন সাকসেসফুল' বার্তা ফুটে উঠবে। তারপর 'ওকে' বাটনে ক্লিক করে পরবর্তী স্টেজে যেতে হবে।

এরপর পেনশনভোগীর অথেনটিকেশন সম্পন্ন করতে হবে। তার জন্য আধার নম্বর এবং লিঙ্ক করা ফোন নম্বর দিন। রেজিস্টার করা মোবাইল নম্বরে একটি ওটিপি পাঠানো হবে। সেটি দিকে 'ওকে' বাটনে ক্লিক করুন। ওটিপি যাচাই হওয়ার পর জীবন প্রমাণ অ্যাপ্লিকেশনে পেনশনভোগীর প্রয়োজনীয় তথ্য চাইবে। যে যে তথ্য বাধ্যতামূলক, সেগুলি নির্দিষ্ট জায়গায় লিখুন।

তারপর অ্যাপের পর্দায় দেখা ছোট ধূসর রঙের বক্সের উপর টিক দিন ও 'স্ক্যান ফিঙ্গার' অপশনের উপর ক্লিক করুন। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের উপর পেনশনভোগীর আঙুল রাখুন। বিকল্প হিসেবে সংযুক্ত আইরিস স্ক্যানার ব্যবহার করেও সংশ্লিষ্ট ব্যক্তির বায়োমেট্রিক ডিটেলস ভেরিফাই করা যাবে।

Advertisement

বায়োমেট্রিক অথেনটিকেশন সফলভাবে সম্পন্ন হলে অ্যাপের স্ক্রিনেই ডিজিটাল লাইফ সার্টিফিকেট দেখা যাবে। পাশাপাশি পেনশনভোগীর রেজিস্টার করা মোবাইল নম্বরে একটি এসএমএস পাঠানো হবে। ওই মেসেজে জীবন প্রমাণ সার্টিফিকেট আইডি বা প্রমাণ আইডি উল্লেখ থাকবে।

জীবন প্রমাণ ওয়েবসাইট থেকে ডিজিটাল লাইফ সার্টিফিকেটের পিডিএফ কপি ডাউনলোড করতে পারবেন পেনশনভোগীরা। লাইফ সার্টিফিকেটের আইডি বা পেনশনভোগীর নম্বর ব্যবহার করে সার্টিফিকেট খুঁজে পাবেন। প্রসঙ্গত, ডিজিটাল পদ্ধতিতে লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার প্রক্রিয়া চালু করতে 2014 সালের নভেম্বরে জীবন প্রমাণ প্রকল্পের সূচনা করেছিল ভারত সরকার।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Jeevan Pramaan App, Digital Life Certificate
Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. ফোন ছাড়াই টিভির পর্দায় দেখা যাবে Instagram রিলস, কীভাবে জেনে নিন
  2. iPhone 18 এই বছর বাজারে না আসার কারণ প্রকাশ্যে, নেপথ্যে Samsung?
  3. 2027 সালের শুরুতে তিন দুর্ধর্ষ ফোন ভারতে আনছে Xiaomi, দাম কত হবে
  4. দোকানে UPI-এর QR কোড ও সাউন্ডবক্স বসালে 1,000 টাকার উপর ভর্তুকি, নতুন স্কিম আনছে সরকার
  5. স্মার্টফোনে ক্যামেরায় বিপ্লব ঘটাবে নতুন প্রযুক্তি, দিশা দেখাচ্ছে ইজরায়েলের স্টার্টআপ
  6. চাপের মুখে Nvidia থেকে ইস্তাফা দিলেন জেনসেন হুয়াং, নতুন CEO Apple কর্তা?
  7. বিশ্বজুড়ে অচল Microsoft-এর পরিষেবা, ভোগান্তিতে লাখ লাখ ব্যবহারকারী
  8. iQOO 16R ফোনের ভারতে আসা নিশ্চিত, 10,000mAh ব্যাটারি থাকতে পারে
  9. দীপাবলিতেও মুখ থুবড়ে পড়ল স্মার্টফোন বিক্রি, মন্দার বাজারেও মুচকি হাসি অ্যাপলের
  10. Vivo X500 সিরিজ নভেম্বর 26 ভারতে লঞ্চ হচ্ছে, ক্যামেরায় বাজার কাঁপাবে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.