Microsoft Outlook outage was first reported on Thursday night
Photo Credit: Unsplash/Simon Ray
বিশ্বজুড়ে স্তব্ধ হয়ে গেল মাইক্রোসফটের (Microsoft) পরিষেবা। ভারতেও Outlook ইমেইল-সহ মার্কিন টেক জায়ান্টটির অন্যান্য পরিষেবাতেও বড় ধরনের বিপর্যয় দেখা গিয়েছে। মাইক্রোসফটের পণ্যের সাহায্য ছাড়া অফিস-কাছারির কাজ ভাবা অসম্ভব। ফলে পরিষেবা বিভ্রাটের কারণে বিশ্বের লাখ লাখ ব্যবহারকারী চরম সমস্যায় পড়েছেন। সংস্থা নিজেও বিষয়টি স্বীকার করে জানিয়েছে, পরিষেবা স্বাভাবিক করে গ্রাহকদের ভোগান্তি কমাতে পদক্ষেপ নেওয়া হচ্ছে। Down Detector-এর তথ্য অনুসারে, বৃহস্পতিবার রাতে ভারতে আউটলুক কাজ করছে না বলে অভিযোগের সংখ্যা বাড়তে থাকে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে মনে করা হলেও, আজ শুক্রবার সকাল ফের অভিযোগের পাহাড় জমতে থাকে।
শুক্রবার সকালে গ্যাজেটস 360-এর কর্মীরা লক্ষ্য করেন, আউটলুক থেকে যেমন কোনও ইমেল পাঠানো যাচ্ছে না, তেমনই কোনও ইমেল ইনবক্সে আসছে না। পরে দেখা যায়, যাঁরা অ্যাকাউন্ট থেকে লগ আউট হয়ে গিয়েছিলেন, তাঁরা সিকিউরিটি কোড বা ওটিপি পাওয়ার পরও লগ ইন করতে পারছেন না।
আউটলুকের এই বিভ্রাটের প্রভাব পরিষেবাটির মোবাইল অ্যাপ এবং ওয়েব ভার্সন, দুই ক্ষেত্রেই পড়েছে। ডাউন ডিটেক্টর জানিয়েছে, ভারতে গতকাল রাত 11টা 44 মিনিটে হঠাৎই আউটলুক পরিষেবা স্তব্ধ হয়ে যাওয়ার অভিযোগের সংখ্যা বেড়ে যায়। সেই সময় মোট 2,162 জন ব্যবহারকারীরা সমস্যার কথা জানিয়েছিলেন।
শুক্রবার সকাল 8টা 59 মিনিটে আউটলুক বিভ্রাট নিয়ে ব্যবহারকারীদের অভিযোগের সংখ্যা ফের বাড়তে দেখা যায়। সেই সময় মোট 2,254টি অভিযোগ জমা পড়ে, যা আগের দিনের তুলনায় বেশি। প্রায় 44 শতাংশ ইউজার আউটলুকের মোবাইল অ্যাপে সমস্যার কথা জানিয়েছেন।
অন্য দিকে, 18 শতাংশ ব্যবহারকারী লগ ইন করতে গিয়ে সমস্যায় পড়েছেন। আরও জানা গিয়েছে, মাইক্রোসফট টিমস ও মাইক্রোসফট 365-এর অন্যান্য সেবাও বিঘ্নিত হয়েছে। মাইক্রোসফটের উপর নির্ভর করার ফলে এই বিপর্যয়ের প্রভাব ওপেনএআই ও অ্যানথ্রপিকের মতো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোম্পানিগুলির কিছু পরিষেবাতেও পড়েছে।
EX1550543 নম্বরের ইনসিডেন্ট হিসেবে চিহ্নিত এই বিভ্রাট নিয়ে Microsoft 365-এর একজন কমিউনিটি ম্যানেজার জানিয়েছেন, সমস্যার সমাধানে তাদের ইঞ্জিনিয়ারিং টিম সক্রিয়ভাবে কাজ করছে। তাঁর বক্তব্য অনুসারে, এই বিভ্রাটের কারণে শুধু আউটলুক নয়, টিমস, শেয়ারপয়েন্ট, ওয়ানড্রাইভ, ও মাইক্রোসফট 365-এর আরও কয়েকটি পরিষেবা প্রভাবিত হয়েছে।
মূলত একই ফ্রন্ট-এন্ড পরিকাঠামোর উপর নির্ভরশীল পরিষেবাগুলি থেমে গিয়েছে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুসারে, সমস্যার সমাধানে মাইক্রোসফটের প্রাথমিক প্রচেষ্টা সফল হয়নি। বর্তমানে সবকিছু সচল করতে বিকল্প উপায় খতিয়ে দেখছে প্রযুক্তি সংস্থাটির ইঞ্জিনিয়ারিং টিম। এই বিভ্রাটের কারণ ও পরিষেবা স্বাভাবিক হওয়ার সময় সম্পর্কে মাইক্রোসফটের তরফে আরও বিস্তারিত তথ্য পরে জানানো হতে পারে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.