iQOO 16R is expected to succeed the iQOO 15R (thumb)
Photo Credit: iQOO
iQOO 16 চীনে লঞ্চ হয়েছিল সেপ্টেম্বরে। আইকুর এই দুর্ধর্ষ ফ্ল্যাগশিপ ফোন ভারতে আসতে পারে ডিসেম্বরে। নয়াদিল্লির যশোভূমিতে আয়োজিত ইন্ডিয়ান মোবাইল কংগ্রেসে ফোনটি প্রদর্শিত হয়েছিল। সংস্থা এখনও কিছু না বললেও, iQOO 16 সিরিজের অধীনে আরও একটি ফোন এ দেশে আসতে পারে বলে অনুমান করা হচ্ছে। জল্পনায় থাকা iQOO 16R এখন ভারতের একটি সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছে। শোনা যাচ্ছে, এটি iQOO Z12 Turbo-র রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে। iQOO 15R গত ফেব্রুয়ারিতে ভারতে রিলিজ হয়েছিল। ফলে ডিভাইসটির আপগ্রেড ভার্সন দেশের বাজারে লঞ্চ হওয়া নিশ্চিত বলে মনে করা হচ্ছে।
অ্যান্ড্রয়েড ট্রেজারের রিপোর্ট অনুসারে, আইকুর একটি স্মার্টফোন ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস বা বিআইএস (BIS) ওয়েবসাইটে I2606 মডেল নম্বরের সঙ্গে দেখা গিয়েছে। এই মডেল নম্বরটি আসলে আসন্ন iQOO 16R ফোনের। পূর্বে স্মার্টফোনটি একই মডেল নম্বরের সঙ্গে মালয়েশিয়ার SIRIM সার্টিফিকেশন সাইটে হাজির হয়েছিল।
ডিভাইসটি ভারতে iQOO 16R নামে বিক্রি হলেও, চীন ও গ্লোবাল মার্কেটে iQOO 16s হিসেবে রিলিজ হওয়ার সম্ভাবনা। রিপোর্ট অনুসারে, এতে কোয়ালকমের আসন্ন Snapdragon 8 Gen 6 চিপসেট ব্যবহার হতে পারে। প্রসেসরটি এখনও লঞ্চ করা হয়নি। তবে এটি পারফরম্যান্সের নিরিখে Snapdragon 8 Elite Gen 6 ও Snapdragon 8 Elite Extreme Gen 6-এর তুলনায় কিছুটা নীচের স্তরে অবস্থান করতে পারে।
লিক হওয়া তথ্য অনুসারে, iQOO 16R বা iQOO 16s বিশাল 10,000mAh ব্যাটারির সঙ্গে আসতে পারে। স্মার্টফোনটিতে 6.59 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে থাকতে পারে, যা সর্বোচ্চ 165 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ফোন ঠান্ডা রাখতে এতে ইন-বিল্ট অ্যাক্টিভ কুলিং ফ্যান দেওয়া হতে পারে।
মজার বিষয় হল iQOO 16 এখনও BIS প্ল্যাটফর্মে দেখা যায়নি। অথচ ফোনটি আগামী মাসে লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে। ফোনটির চীনা ভার্সনের পিছনে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 3x অপটিক্যাল জুম-সহ 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, এবং 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স আছে। সেলফি ক্যামেরায় একটি 32 মেগাপিক্সেল সেন্সর আছে।
আইকু 16-এ 6.85 ইঞ্চি এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এটি 2K রেজোলিউশন, 165 হার্টজ রিফ্রেশ রেট, ও 2,800 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। ডিভাইসে 8,400mAh ব্যাটারি আছে, যা 100W ওয়্যার্ড এবং 40W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। হ্যান্ডসেটটি 2 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি Snapdragon 8 Elite Extreme Gen 6 প্রসেসরে রান করে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.