AC prices are set to rise 5-8 per cent
Photo Credit: Samsung
পুজো সেলে কম দামে এসি, টিভি, ফ্রিজ বা ওয়াশিং মেশিন কেনার পরিকল্পনা করছিলেন? এখন সে গুড়ে বালি। অক্টোবর থেকে বৈদ্যুতিন সরঞ্জামের দাম বৃদ্ধি পেতে চলেছে। নির্মাতারা এয়ার কন্ডিশনার, টেলিভিশন, রেফ্রিজারেটর, ও কাপড় পরিষ্কার করার মেশিনের দাম 5 থেকে 8 শতাংশ পর্যন্ত বাড়াতে চলেছে। অক্টোবর 1 থেকে নতুন দাম কার্যকর হবে। এক দিকে বৈদ্যুতিন যন্ত্রপাতি উৎপাদনে ব্যবহৃত তামা, স্টিল, এবং ক্রুড ওয়েল থেকে তৈরি বিভিন্ন কাঁচামালের দাম উর্দ্ধমুখী। অন্য দিকে, পশ্চিম এশিয়ায় সংঘাতের ফলে ডলারের তুলনায় টাকা ক্রমশ দুর্বল হচ্ছে। এই দুইয়ের প্রভাবে বৈদ্যুতিন পণ্যের দাম বাড়ার খবরে আমজনতার কপালে চিন্তার ভাঁজ।
Amazon ও Flipkart-এর ফেস্টিভ সেল শুরু হতে আর দুই সপ্তাহও বাকি নেই। ফলে এবারের সেলে যে পরিমাণ ডিসকাউন্ট দেওয়া হবে, তার একটা বড় অংশ বাড়তি খরচ মেটাতেই চলে যাবে। সেই কারণে ক্রেতাদের আদতে ঠিক কতটা সাশ্রয় হবে, সেটা নিয়ে সংশয় দেখা যাচ্ছে। রিপোর্ট বলছে, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র 5 থেকে 8 শতাংশ দামি হতে চলেছে।
এছাড়াও, কিছু সংস্থা ওয়াশিং মেশিন, ফ্রিজ, ও এলইডি টিভির দাম 3 থেকে 4 শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে কিছু কোম্পানি মূল্যবৃদ্ধির প্রভাব পর্যালোচনা করে ধীরে চলো নীতি নিয়েছে। কিছু ব্র্যান্ড মনে করছে, এই মূল্যবৃদ্ধির ফলে উৎসবের মরসুমে বিক্রিবাটায় প্রভাব পড়তে পারে। আবার অন্য কোম্পানিদের মতে, দাম বাড়ালেও তার প্রভাব হবে সীমিত। কারণ ডিলার ও ডিস্ট্রিবিউটররা অগাস্ট ও সেপ্টেম্বরে প্রি-বাইং স্কিমের মাধ্যমে পুরনো দামে কেনা প্রচুর বৈদ্যুতিন পণ্য মজুত করে রেখেছেন।
ব্লু স্টার, গোদরেজ, হায়ার, ও ডেইকিন-এর মতো প্রথম সারির সংস্থা ইতিমধ্যেই 4 থেকে 10 শতাংশ পর্যন্ত দাম বাড়ানোর কথা জানিয়েছে। প্যানাসনিক বলেছে, তারা মূল্যবৃদ্ধি সিদ্ধান্ত নেওয়ার আগে আরও কিছুদিন অপেক্ষা করবে। উল্লেখ্য, চলতি বছরে এই নিয়ে তৃতীয় বার বাড়ছে বৈদ্যুতিন সরঞ্জামের দাম।
গোদরেজ এন্টারপ্রাইজ গোষ্ঠীর অ্যাপ্লায়েন্স ব্যবসার হেড ও ভাইস প্রেসিডেন্ট কমল নন্দী বলেছেন, "কাঁচামালের দাম শেষবার মূল্যবৃদ্ধির পর এখন 8 থেকে 10 শতাংশ বেড়েছে। ফলে আরও এক দফায় পণ্যের দাম বাড়ানো অনিবার্য হয়ে উঠেছে। তবে কোন সংস্থা কবে থেকে ক্রেতাদের উপর বাড়তি খরচ চাপাবে, সেটা তাদের উপর নির্ভর করছে।"
তিনি যোগ করেন, ডিলার ও বিপণীগুলির কাছে পুরনো দামে কেনা পণ্য মজুত রয়েছে। ফলে আগের দামে কেনা পণ্য আরও এক থেকে দেড় মাস বাজারে সরবরাহ করা সম্ভব হবে। তাই দীপাবলি পর্যন্ত সমস্যা হওয়ার সম্ভাবনা কম। কিন্তু তারপর মূল্যবৃদ্ধি কার্যকর হতে পারে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.