Samsung will reportedly launch its AI glasses in December
Photo Credit: Samsung
Samsung স্মার্ট গ্লাস বাজারে আনার পরিকল্পনার কথা ঘোষণার এক বছরের বেশি সময় পর সেটি লঞ্চ করতে পারে। দক্ষিণ কোরিয়ান টেক জায়ান্টটির প্রথম কৃত্রিম মেধা চালিত স্মার্ট চশমার নাম Intelligent Eyewear। নতুন রিপোর্ট বলছে, ওয়্যারেবল ডিভাইসটি ডিসেম্বরের মাঝামাঝি সময়ে কোরিয়া এবং আমেরিকায় কেনার জন্য উপলব্ধ হবে। প্রাথমিক চাহিদা খতিয়ে দেখে পরবর্তী সময়ে আরও অন্যান্য দেশে স্মার্ট গ্লাস বিক্রি করতে পারে কোম্পানি। Samsung-এর প্রথম স্মার্ট গ্লাস Android XR প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি। এতে Gemini এআই মডেলও যুক্ত থাকবে৷ এটি রিয়েল টাইম ট্রান্সলেশন ও ভয়েস নেভিগেশন অফার করবে বলে আশা করা হচ্ছে।
Chosun Biz-এর প্রতিবেদন অনুসারে, Samsung নিজেদের হোম মার্কেট দক্ষিণ কোরিয়া ও আমেরিকায় তাদের প্রথম এআই স্মার্ট গ্লাস লঞ্চের পরিকল্পনা করছে। ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে দুই দেশে ডিভাইসটির বিক্রি শুরু হতে পারে। তবে এখনও দাম ঠিক করে উঠতে পারেনি সংস্থা। বর্তমানে স্যামসাংয়ের অন্দরমহলে এই নিয়ে আলোচনা চলছে।
রিপোর্টে আরও বলা হয়েছে, প্রথমে দুই দেশে বিক্রির সংখ্যা ও গ্রাহকদের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করে অন্যান্য মার্কেটে ডিভাইসটি লঞ্চের সিদ্ধান্ত নেওয়া হবে। পূর্বে Galaxy XR হেডসেট বাজারে আনার ক্ষেত্রেও একই কৌশল অবলম্বন করেছিল তারা। এটি প্রথমে সাউথ কোরিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের লঞ্চের পর ধাপে ধাপে অন্যান্য মার্কেটে আনা হয়েছিল।
উল্লেখ্য, স্যামসাং ইন্টেলিজেন্ট আইওয়ারে ক্যামেরা ও মাইক্রোফোন যুক্ত করা হয়েছে। ফলে স্মার্টফোন পকেট থেকে বের না করেই চারপাশের বা অন্য ব্যক্তির অনুবাদ করা অডিও কানে শোনা যাবে। আবার স্ক্রিনের দিকে না তাকিয়ে বা হাত ব্যবহার না করেই শুধু মুখের কথায় পথনির্দেশ পাওয়া যাবে।
এছাড়াও, স্যামসাংয়ের এআই স্মার্ট গ্লাস দিয়ে বিভিন্ন ডকুমেন্ট ও মিটিংয়ের দৃশ্য ক্যাপচার করা যাবে। পরে সেখান থেকে পাওয়া তথ্য স্বয়ংক্রিয়ভাবে সাজিয়ে কানেক্টেড গ্যালাক্সি স্মার্টফোনের নোটস অ্যাপে সেভ হবে।
স্মার্ট চশমায় Snapdragon AR1 Gen 1 চিপসেট ব্যবহার হয়েছে। সংস্থার দাবি, একবার ফুল চার্জ করলে সর্বোচ্চ 9 ঘন্টা চলতে পারবে। ইন্টেলিজেন্ট আইওয়ার লঞ্চের মাধ্যমে সরাসরি Meta Ray Ban স্মার্ট গ্লাসের সঙ্গে প্রতিযোগিতায় নামছে স্যামসাং। উল্লেখ্য, Ray-Ban Meta Gen 3 ভারতে লঞ্চ হয়েছে সেপ্টেম্বরে। দাম 44,300 টাকা থেকে শুরু হচ্ছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.