Jordan is preparing to ban GTA 6
Photo Credit: Rockstar Games
বর্তমানে গোটা বিশ্ব GTA 6 জ্বরে আক্রান্ত। দীর্ঘ 13 বছর অপেক্ষার পর মুক্তি পেয়েছে Grand Theft Auto 6। ইতিমধ্যেই এটি ব্লকবাস্টার আখ্যা পেয়েছে। কপি বিক্রি করে অ্যাকশন অ্যাডভেঞ্চর গেমটির নির্মাতা Rockstar Games-এর আয় 3.8 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছে গিয়েছে, যা বিনোদনের ইতিহাসের সর্বোচ্চ। এই মুহূর্তে শুধু Playstation ও Xbox কনসোলে গেমটি উপলব্ধ। কিন্তু এখন বিশ্ব কাঁপানো এই গেমের মাথায় ঝুলছে নিষেধাজ্ঞার খাঁড়া। শিশু ও কিশোর-কিশোরীদের উপর গেমটির নেতিবাচক প্রভাব পড়তে পারে, এই আশঙ্কায় GTA 6 ব্যান করে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে জর্ডন।
দ্য ন্যাশনালের একটি রিপোর্টে বলা হয়েছে, জর্ডনের টেলিকমিউনিকেশনস রেগুলেটরি কমিশন GTA 6 ব্যান করার প্রস্তুতি নিচ্ছে। গেমটির উপর আরও কঠোর নিয়ন্ত্রণ আরোপের দাবিতে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হওয়ার পর এই পদক্ষেপের কথা ভাবা হচ্ছে।
জর্ডনের টেলিকমিউনিকেশনস রেগুলেটরি কমিশনের প্রধান লারা আল-খাতিব জানান, গেমটিতে অনুপযুক্ত বিষয়বস্তু এবং অনলাইন যোগাযোগের মাধ্যমে ক্ষতিকর প্রভাব ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকে GTA 6 নিষিদ্ধ করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। তিনি আরও বলেছেন যে, আধুনিক গেমগুলিতে খেলোয়াড়রা ভয়েস এবং টেক্সট চ্যাটের মাধ্যমে অচেনা ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করতে পারে। এই ধরনের ফিচার শিশুদের নিরাপত্তার ক্ষেত্রে ঝুঁকি তৈরি করতে পারে।
GTA 6 শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত। তবে লারার মতে, শুধুমাত্র বয়সের ভিত্তিতে শ্রেণিবিভাগ করে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে শিশুদের এই ধরনের গেম খেলা আটকানো কঠিন। Grand Theft Auto সিরিজটি সৌদি আরবে বহু বছর ধরে নিষিদ্ধ ছিল। তবে গত বছর সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। এটি সৌদি আরবে 21 বছরের বেশি বয়সীদের জন্য নির্ধারিত বয়সসীমা নিয়ে লঞ্চ হয়েছে।
GTA 5-এর তুলনায় GTA 6-এ আরও বেশি ভায়োলেন্ট বলে জানা যাচ্ছে। এই গেমের ভিতরে প্রাপ্তবয়স্কদের চলচ্চিত্রের শুটিং-সহ এমন কিছু দৃশ্যও দেখা যাবে, যা কিশোর-কিশোরী বা বাচ্চাদের জন্য অনুপযুক্ত। গেমে মাদক সেবনের দৃশ্যও রয়েছে। মূলত এই সমস্ত কারণে জর্ডনের মতো দেশ গ্র্যান্ড থেফট অটো 6 ব্যান করতে পারে বলে মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, জিটিএ 6-এর একটা বড় অংশের কাজ হয়েছে বেঙ্গালুরুতে। হোয়াইটফিল্ডে অবস্থিত রকস্টার ইন্ডিয়ার স্টুডিওর প্রায় 1,615 জন ডেভেলপার গেমটির তৈরির কাজে যুক্ত ছিলেন। দলটি এই গেমের ওপেন-ওয়ার্ল্ড পরিবেশ, বিভিন্ন অ্যাসেট এবং ভার্চুয়াল জগত তৈরিতে অবদান রেখেছে। আবার 1982 সালে প্রকাশিত বাংলা গান 'আজ শনিবার' গান গ্র্যান্ড থেফট অটো 6-এর ওয়ার্ল্ডওয়াইড এফএম রেডিয়োয় শোনা যাচ্ছে। ভারতে গেমটির স্ট্যান্ডার্ড এডিশনের দাম 5,999 টাকা। আল্টিমেট এডিশন কিনতে 7,499 টাকা খরচ হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.