Schiller has held several important roles at Apple over the years
Photo Credit: Apple
iPhone 18 Pro সিরিজ লঞ্চের আগে Apple-এর নেতৃত্বে এসেছে বড় বদল। গত 15 বছর ধরে টেক জায়ান্টটির চিফ এগজিকিউটিভ অফিসারের দায়িত্ব পালন করা টিম কুক অবসর নিয়েছেন। কুকের জায়গায় নতুন সিইও হয়েছেন জন টার্নাস। এবার মার্কিন সংস্থাটির দীর্ঘদিনের শীর্ষকর্তা ফিল সিলার (Phil Schilller) তাঁর দায়িত্ব কমিয়ে আনছেন বলে জানা গিয়েছে। তিনি আর App Store পরিচালনা করবেন না। Apple-এর প্রোডাক্ট লঞ্চ ইভেন্টগুলিরও তদারকি থেকে অব্যাহতি নিচ্ছেন তিনি। তবে তিনি কোম্পানি ছেয়ে অন্য কোথাও যাচ্ছেন না। কম চাপ ও দায়িত্ব নিয়ে অ্যাপলের অন্য প্রকল্পে কাজ করবেন।
ব্লুমবার্গের রিপোর্ট অনুসারে, এই পদক্ষেপ 66 বছর বয়সী ফিল সিলারের অবসরের পথে আরও একটি ধাপ। তিনি টানা 29 বছর ধরে অ্যাপলের সঙ্গে যুক্ত। প্রায় তিন দশকের দীর্ঘ কর্মজীবনে অ্যাপলের একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। 2020 সাল পর্যন্ত সংস্থার মার্কেটিং চিফ ছিলেন। তারপর পদ থেকে সরে দাঁড়ান।
সিলার আগেই জানিয়েছিলেন, তিনি যতদিন সম্ভব অ্যাপলের সঙ্গে কাজ করে যেতে চান। তবে একইসঙ্গে পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটানোর কথা বলেছিলেন। ফলে দায়িত্ব কমানোর সিদ্ধান্তকে তাঁর অবসরের পথে আরও একধাপ বলে মনে করা হচ্ছে।
1987 সালে অ্যাপলে যোগ দেন সিলার। 1997 সালে স্টিভ জোবস অ্যাপলে ফিরে আসার সময় তিনি আবার সংস্থায় যোগদান করেন। কোম্পানির একাধিক বড় প্রোডাক্ট ইভেন্টের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। এর মধ্যে রয়েছে iPod, iPhone, iPad, ও Apple Watch। এখন অ্যাপ স্টোরের দায়িত্ব এডি কিউ-এর হাতে তুলে দেওয়া হচ্ছে। অন্য দিকে, সিলারের ডেপুটি নোলা ওয়েনস্টেইন অ্যাপলের ইভেন্ট টিমের দায়িত্ব নিতে চলেছেন।
সিলারের দায়িত্ব কমানোর পাশাপাশি একের পর এক অভিজ্ঞ এগজিকিউটিভের বিদায় কোম্পানির সিনিয়র লিডারশিপ টিমে বড় বদলের আভাস দিচ্ছে। Apple Pay-এর দীর্ঘদিনের হেড জেনিফার বেইলি অক্টোবরে অবসর নিতে চলেছেন। সংস্থার চিফ অপারেটিং অফিসার জেফ উইলিয়ামস 27 বছর সংস্থায় কাজ করার পর ডিসেম্বরে অবসর নিয়েছেন।
প্রসঙ্গত, অ্যাপল তাদের "সারপ্রাইজ এন্ড শাইন" ইভেন্ট সেপ্টেম্বর 9 আয়োজন করছে। সেই অনুষ্ঠানে iPhone 18 Pro ও iPhone 18 Pro Max আত্মপ্রকাশ করবে। চলতি বছর শুধু হাই-এন্ড মডেল আসবে। 2027 সালে লঞ্চ হতে পারে স্ট্যান্ডার্ড iPhone 18। আগামী বুধবারের ইভেন্টের সবচেয়ে বড় আকর্ষণ হতে পারে কোম্পানির প্রথম ফোল্ডেবল আইফোন। যাকে iPhone Ultra নামে ডাকা হচ্ছে। এছাড়াও, Apple Watch Series 12 ও AirPods 5 রিলিজ হতে পারে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.