Jio has showcased smart glasses and earbuds at IMC 2026
Indian Mobile Congress (IMC) 2026 বুধবার শুরু হয়েছে এবং চলবে আগামী অক্টোবর 10 পর্যন্ত। এই ইভেন্টের প্রথম দিনেই Jio তাদের বেশ কিছু নতুন পণ্য প্রদর্শন করেছে। আসন্ন ডিভাইসগুলি আধুনিক প্রযুক্তির সঙ্গে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচার্স দিয়ে সজ্জিত। ইন্ডিয়ান মোবাইল কংগ্রেসে জিওর বুথে এআই-সক্ষম স্মার্ট গ্লাস এবং ইয়ারবাডস প্রদর্শিত হয়েছে। মুকেশ আম্বানির মালিকানাধীন সংস্থাটির বানানো স্মার্ট AI চশমায় UPI পেমেন্ট সাপোর্ট পাওয়া যাবে। এটি দুটি ভ্যারিয়েন্টে আসবে বলে জানা গিয়েছে। একটি মডেলে ক্যামেরা থাকবে। অন্যটি শুধু অডিওর জন্য তৈরি হবে। চশমাটি 2026 সালের শেষের দিকে বাজারে আসতে পারে।
জিও তাদের স্মার্ট গ্লাসের অডিও ভার্সনে স্টেইনলেস স্টিল ফ্রেম ব্যবহার করেছে। চশমাটি বাইরে থেকে পুরো একটি সাধারণ চশমার মতো দেখতে। কোনও তার চোখে দেখা যাবে না। চশমাটি চোখে পরার পর শুধু "Hello Jio" বললেই Jio AI চালু হয়ে যাবে। তারপর এআই চ্যাটবটের সঙ্গে কথা বলা, বিভিন্ন প্রশ্ন করা, এবং প্রয়োজনীয় তথ্য জানা যাবে।
অন্য দিকে, জিও স্মার্ট গ্লাসের ক্যামেরা ভার্সনে ভিজ্যুয়াল ইন্টেলিজেন্স ফিচার থাকবে। এটিও চোখে পরে "Hello Jio" বলে Jio AI সক্রিয় করে বিভিন্ন প্রশ্ন করা এবং তথ্য জানা সম্ভব হবে। এছাড়াও, চশমাটির মাধ্যমে ইউপিআই পেমেন্ট করা যাবে। এর জন্য স্মার্টফোন পকেট থেকে বের করার প্রয়োজন হবে না। ফোন ছাড়াই সমস্ত কাজ সম্পন্ন হবে।
এছাড়াও, Jio ইয়ারবাডসে লাইভ নেভিগেশনের মতো উন্নত ফিচারের সুবিধা পাওয়া যাবে। এর মাধ্যমে কারও সঙ্গে কথা বলার সময় কোনও জায়গার অবস্থান সম্পর্কে তথ্য জানা যাবে। ফলে স্মার্টফোন না খুলেই সেই স্থানে পৌঁছানোর নির্দেশনা পাওয়া যাবে। ডিভাইসগুলি কেমন দামে আসতে পারে, তা এখনও প্রকাশ করা হয়নি। তবে রিপোর্ট অনুসারে, স্মার্ট গ্লাস এবং এআই ইয়ারবাডস ডিসেম্বরে লঞ্চ হতে পারে।
প্রসঙ্গত, ইন্ডিয়ান মোবাইল কংগ্রেসে নীতিনির্ধারক, টেলিকম সংস্থাগুলির শীর্ষকর্তা, এবং প্রযুক্তি খাতের বিভিন্ন প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। চার দিন ধরে চলা এই ইভেন্টে ডিজিটাল কানেক্টিভিটির পরবর্তী অধ্যায় নিয়ে আলোচনা হবে।
ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনস এবং সেলুলার অপারেটরস অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে ইন্ডিয়ান মোবাইল কংগ্রেসের দশম সংস্করণ দিল্লির যশোভূমির ইন্ডিয়া ইন্টারন্যাশনাল কনভেনশন ও এক্সপো সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে। এবারের অনুষ্ঠানে 6G, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এবং টেলিকম নেটওয়ার্কের পরবর্তিত কাঠামোর উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.