Home Ministry’s I4C has published a list of precautionary measures
Photo Credit: Pexels/Rahul Shah
অফিসের কম্পিউটার বা ল্যাপটপে হোয়াটসঅ্যাপের ওয়েব ভার্সন খুলে কাজ করেন? সতর্ক না হলে ঘটতে পারে বড় বিপদ। ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার বা I4C অ্যাডভাইজরি জারি করে সতর্কবার্তা দিয়েছে। কেন্দ্রীয় সংস্থাটির থ্রেট অ্যানালিসিস উইং জানিয়েছে, হ্যাকাররা হোয়াটসঅ্যাপ ওয়েবের মাধ্যমে অ্যাকাউন্ট হাইজ্যাক করতে পারে। ওই অ্যাকাউন্ট ব্যবহার করে প্রতারণাও হতে পারে। পার্সোনাল চ্যাট অন্য কেউ পড়ে ফেললে বিপদের সম্ভাবনা। তাই মেসেজিং প্ল্যাটফর্মটির ওয়েব ভার্সন ব্যবহারের সময় মেনে চলার জন্য সাতটি সতর্কতামূলক পদক্ষেপের কথাও জানিয়েছে ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার।
সরকারি সংস্থাটি জানিয়েছে, WhatsApp Web-এর সেশন হ্যাক করে অ্যাকাউন্টের রিমোট অ্যাক্সেস পেলে প্রতারণামূলক কাজকর্মে লিপ্ত হতে পারে সাইবার অপরাধীরা। তারা ব্যবহারকারীর মেসেজ পড়তে, তাঁর পরিচয় ব্যবহার করে অন্যদের মেসেজ পাঠাতে, কনট্যাক্ট লিস্ট, এবং গ্রুপ চ্যাটে প্রবেশ করতে পারে।
অ্যাকাউন্টের মালিকের পরিচয় ব্যবহার করে প্রতারণা, ফিশিং, ও সোশ্যাল ইঞ্জিনিয়ারিং-সহ বিভিন্ন ধরনের ক্ষতিকর কাজে জড়ানো হতে পারে বলে সতর্ক করেছে তারা। তাদের পরামর্শ, WhatsApp Web ব্যবহার করে কোনও সংবেদনশীল তথ্য আদান-প্রদান করা উচিত নয়।
ল্যাপটপ বা ডেস্কটপে হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহারের সময় সুরক্ষিত থাকতে বেশ কিছু টিপস দেওয়া হয়েছে। অ্যাডভাইজরিতে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপ ওয়েবে সরকারি, প্রাতিষ্ঠানিক, আর্থিক, গোপনীয় বা অন্য কোনও সংবেদনশীল তথ্য আদান-প্রদান না করাই ভাল।”
ডিভাইসে WhatsApp Web সবসময় লগইন করে রাখা থাকে? সুরক্ষিত থাকতে সেই অভ্যাস পাল্টানোর পরামর্শ দিয়েছে সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার। কাজ শেষ হওয়ার পর ম্যানুয়ালি লগ-আউট করার অভ্যাস গড়ে তুলতে হবে। কারণ শুধুমাত্র ব্রাউজারের উইন্ডো বা ট্যাব বন্ধ করলেই লগ-আউট হয়ে যায় না।
কিছু সময়ের জন্য প্রয়োজন হলে ইনকগনিটো অথবা প্রাইভেট ব্রাউজিং মোড ব্যবহার করার পরামর্শ দিয়েছে সংস্থা। সাইবার ক্যাফে বা অপরিচিত কম্পিউটারে লগ-ইন করার বিষয়েও সতর্ক করা হয়েছে। পাবলিক কিয়স্ক, হোটেলের বিজনেস সেন্টার, ও অন্যের কম্পিউটারে হোয়াটসঅ্যাপে লগ ইন এড়িয়ে চলা উচিত।
আপনার হোয়াটসঅ্যাপ থেকে পরিচিত বা অপরিচিত কারও নম্বরে অযাচিত মেসেজ গেলে সঙ্গে সঙ্গে সতর্ক হতে হবে। I4C তাদের অ্যাডভাইজরিতে আরও উল্লেখ করে বলেছে, অপারেটিং সিস্টেম, ব্রাউজার, এবং সিকিউরিটি সফটওয়্যার সবসময় আপডেট রাখতে। এছাড়াও, সন্দেহজনক ডাউনলোড, অজানা ফাইল, ক্র্যাকড সফটওয়্যার, এবং অবিশ্বস্ত উৎস থেকে আসা ফাইল এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.