Apple discontinued the illuminated logo on the back in 2026
Photo Credit: Unsplash/Linus Mimietz
Apple অনুরাগীদের জন্য যেন সোনায় সোহাগা। দীর্ঘ প্রতীক্ষার পর গতকাল লঞ্চ হয়েছে ব্র্যান্ডের সর্বপ্রথম টাচস্ক্রিনযুক্ত MacBook Pro। একইসাথে, এক দশক বাদে ফিরে এসেছে জ্বলজ্বলে আধখাওয়া অ্যাপলের লোগো। 2016 সালে ল্যাপটপ আরও হালকা ও পাতলা করার জন্য বৈশিষ্ট্যটি সরিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু দশ বছর পর অ্যাপলের চিহ্নে আবার আলো জ্বলে উঠেছে। নতুন সিইও জন টার্নাসের উদ্যোগে অ্যাপলপ্রেমীরাও খুশিতে ডগমগ। তবে ম্যাকবুকের লোগো ফের একবার আলোকিত হলেও, আলো জ্বলার প্রযুক্তিতে পরিবর্তন এসেছে। পূর্বে ডিসপ্লের ব্যাকলাইট ব্যবহার করে লোগো আলোকিত হত। এলইডি লাইট বা ব্যাটারির সাহায্যে আলো তৈরি হত না।
ম্যাকবুকের ঢাকনার পিছনে অ্যাপল লোগোর অংশটি এমনভাবে তৈরি করা হত, যাতে মধ্যে দিয়ে আলো চলাচল করতে পারে। ফলে ডিসপ্লের আলো লোগোর স্বচ্ছ অংশের মধ্যে দিয়ে বাইরে বেরিয়ে আসত। স্ক্রিন চালু করলে চিহ্নটিও জ্বলজ্বল করত। কিন্তু সমস্যা হল টাচস্ক্রিন MacBook Pro-র OLED ডিসপ্লেতে সেই টেকনিক আর কাজ করবে না।
ওলেড ডিসপ্লেতে এলসিডির মতো ব্যাকলাইট থাকে না। প্রতিটি পিক্সেল নিজে থেকে তৈরি করা আলো দর্শকদের দিকে ছড়িয়ে দেয়। নতুন ম্যাকবুক প্রো-তে ট্যান্ডেম ওলেড ডিসপ্লে রয়েছে। স্মার্টপ্রিক্সের রিপোর্ট অনুসারে, এতে স্বতন্ত্রভাবে আলো তৈরি করতে সক্ষম দুটি স্তর একটির উপর আরেকটি বসানো হয়েছে। আগের মিনি-এলইডির তুলনায় এই প্যানেল আরও পাতলা।
পাতলা ডিসপ্লে থাকার কারণে ল্যাপটপের ঢাকনা পুরু না করেই পিছনে আলাদা আলোর উৎস বসানোর জায়গা পাওয়া গিয়েছে। এক্সের একটি পোস্টে প্রযুক্তি সাংবাদিক রিক ডিমুরো নতুন ম্যাকবুক প্রো-র একটি ভিডিও প্রকাশ করেছেন। সেটি দেখে অনুমান, লোগোটিতে ডাইনামিক লাইটিং ফিচার আছে। দাবি করা হচ্ছে, টাচস্ক্রিনের ব্রাইটনেস বাড়ানোর বা কমানোর সঙ্গে Apple লোগোর কাটআউটের উজ্জ্বলতাও বদলে যায়। স্ক্রিন বন্ধ করলে লোগোর আলো নিভে যায়।
প্রসঙ্গত, টাচস্ক্রিন MacBook Pro লঞ্চ হয়েছে 14 ইঞ্চি এবং 16 ইঞ্চি স্ক্রিন অপশনে। গ্রাহকরা ল্যাপটপটি M5 Pro বা M5 Max চিপসেট ভ্যারিয়েন্টের মধ্যে বেছে নিতে পারবে। দাম 3,49,000 টাকা থেকে শুরু। বেস মডেলে 14 ইঞ্চি ডিসপ্লে ও M5 Pro চিপসেট রয়েছে। একই চিপের 16 ইঞ্চি মডেলের দাম 4,09,999 টাকা। M5 Max ও 14 ইঞ্চি ভ্যারিয়েন্টের মূল্য 5,49,900 টাকা। এই চিপের 16 ইঞ্চি ডিসপ্লে অপশনের দাম 5,89,900 টাকা।
টাচস্ক্রিন ম্যাকবুক প্রো-র দুই ডিসপ্লে ভ্যারিয়েন্টেই 120 হার্টজ রিফ্রেশ রেট ও সর্বাধিক 2,000 নিটে ব্রাইটনেস সাপোর্ট রয়েছে। এতে ডাইনামিক আইল্যান্ড ও আঙুলের ছাপ প্রতিরোধী ওলিওফোবিক কোটিং আছে। ল্যাপটপে 24 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ, ছয়টি হাই-ফিডেলিটি স্পিকার, macOS 27 Golden Gate, ও 12 মেগাপিক্সেল ওয়েবক্যাম মিলবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.