Instagram now lets you edit stories after you post them
Photo Credit: Pexels/Julio Lopez
আমাদের দৈনন্দিন জীবনের বেশ কিছুটা সময় কাটে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। মানুষজনকে সামাজিক গণমাধ্যমে আরও ব্যস্ত রাখতে নানা কৌশল অবলম্বন করছে সংস্থাগুলি। Instagram এমনই একটি নতুন ফিচার নিয়ে এসেছে। মেটার মালিকানাধীন সংস্থাটি ঘোষণা করেছে, এখন থেকে Story পোস্ট করার পরেও সেটি এডিট করার সুবিধা পাওয়া যাবে। আগের ভিউ, লাইক বা রিপ্লাইয়ের কোনও পরিবর্তন হবে না। এতদিন কোনও ভুল হলে বা কিছু পরিবর্তন করার থাকলে পুরো স্টোরি ডিলিট করে নতুন করে আপলোড করতে হত। ফলে আগের ভিউ, লাইক ও অন্যান্য প্রতিক্রিয়াও হারিয়ে যেত। কিন্তু সেই ভয় আর থাকছে না।
ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি স্টোরি এডিট ফিচার চালুর ঘোষণা করেছেন। তাঁর কথায়, অনেক ব্যবহারকারী বারবার এই সুবিধা আনার অনুরোধ জানিয়েছিলেন। তাই এখন স্টোরি আপলোড করার পরবর্তী 15 মিনিটের মধ্যে সেটি এডিট করার সুযোগ পাবেন ব্যবহারকারীরা।
সাধারণ ইউজারদের ক্ষেত্রে স্টোরি পোস্ট করার প্রথম 15 মিনিটের মধ্যে কয়েকটি ভিউ বা লাইক হারানো তেমন বড় বিষয় নাও হতে পারে। তবে বড় ক্রিয়েটর ও ব্র্যান্ডগুলির কাছে প্রতিটি ভিউ ও প্রতিক্রিয়াই গুরুত্বপূর্ণ। তাই নতুন আপডেটের ফলে স্টোরিতে কোনও ভুল হলে বা কিছু পাল্টানোর প্রয়োজন পড়লে তা অনেক সহজেই করা যাবে। আবার স্টোরিতে পাওয়া ভিউ, লাইক বা অন্যান্য প্রতিক্রিয়া হারানোর আশঙ্কাও থাকবে না।
Instagram জানিয়েছে, Story পোস্ট করার পর ব্যবহারকারীরা বেশ কয়েকটি বিষয় এডিট করতে পারবেন। এর মধ্যে রয়েছে টেক্সট, মিউজিক, স্টিকার, এবং ড্রয়িং। অর্থাৎ বানান ভুল সংশোধন করা বা লেখার ধরন পরিবর্তন করা যাবে। ব্যাকগ্রাউন্ডে গান যোগ করা, সরিয়ে দেওয়া বা অন্য গান সেট করা যাবে। একইভাবে, স্টিকার যোগ করা বা সরিয়ে দেওয়া সম্ভব হবে।
মার্ক জাকারবার্গের সংস্থা ধাপে ধাপে স্টোরি এডিটের সুবিধা চালু করছে। তাই ফিচারটি একসঙ্গে সবার অ্যাকাউন্টে পৌঁছবে না। সাধারণত যাঁদের অ্যাকাউন্টে এনগেজমেন্ট অনেক বেশি, তাঁরা প্রথমে অ্যাক্সেস পেতে পারেন। ফিচার চলে এলে প্রথমে যে স্টোরি এডিট করতে চান, সেটি খুলতে হবে। এরপর স্টোরির নীচের ডান দিকে থাকা তিনটি ডটের মেনুতে ট্যাপ করতে হবে। সেখান থেকে ‘Edit Story' অপশনটি বেছে নিয়ে প্রয়োজনীয় পরিবর্তন করা যাবে।
এডিট করা স্টোরিতে ‘Edited' লেবেল দেখা যাবে। ফলে দর্শকরা বুঝতে পারবেন যে স্টোরিতে কোনও পরিবর্তন আনা হয়েছে। তবে কী কী এডিট করা হয়েছে, তা জানাবে না ইনস্টাগ্রাম। প্রথমে কী পোস্ট করা হয়েছিল, তাও কোনওভাবেই দেখার সুযোগ থাকবে না। তবে মনে রাখবেন, স্টোরি আপলোড করার 15 মিনিটের মধ্যেই যাবতীয় পরিবর্তন করতে হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.