OpenAI and Anthropic's new AI models may be too dangerous to release
Photo Credit: Unsplash/Zach M
OpenAI ও Anthropic এখন কৃত্রিম বুদ্ধিমত্তার দৌড়ে ফ্রন্ট-রানার। এই দুই মার্কিন সংস্থা অত্যন্ত দ্রুত গতিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (AI) অত্যাধুনিক মডেল প্রকাশ করেছে। এআই মডেলের বিকাশ এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে সেটা আমজনতার ব্যবহারের জন্য বাজারে আনা আদৌ নিরাপদ কিনা, তা নিয়ে দোটানায় ওপেনএআই ও অ্যানথ্রোপিকের কর্মীরা। নতুন রিপোর্ট বলছে, অভ্যন্তরীণ পরীক্ষার পর্যায়ে থাকা কয়েকটি অপ্রকাশিত AI মডেল এমন ক্ষমতা অর্জন করেছে যে সেগুলো সর্বসাধারণের জন্য প্রকাশ করা নিরাপদ নাও হতে পারে। এআইয়ের শক্তিবৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে বর্তমান সুরক্ষা ব্যবস্থা এগোতে পারছে না। ফলে এদের অপব্যবহার থেকে ঘটতে পারে ভয়ঙ্কর বিপদ।
Axios সংস্থা দুটির অভ্যন্তরীণ আলোচনা সম্পর্কে অবগত একাধিক ব্যক্তির বক্তব্যের ভিত্তিতে জানিয়েছে, ওপেনএআই এবং অ্যানথ্রোপিক এমন কিছু মডেল তৈরি করেছে, যেগুলি এখনও প্রকাশ হয়নি। এই মডেলগুলি আমজনতার ব্যবহার করার জন্য উপলব্ধ বর্তমান এআই সিস্টেমের তুলনায় অনেক বেশি সক্ষম।
এই উদ্বেগের জেরে সংস্থা দুটির অন্দরে বিতর্ক শুরু হয়েছে। ক্রমশ উন্নত হয়ে ওঠা এআই মডেল সাধারণ মানুষের ব্যবহারের জন্য প্রকাশ করা উচিত, নাকি আরও কার্যকর সুরক্ষা ব্যবস্থা তৈরি না হওয়া পর্যন্ত নতুন এআই সিস্টেমের প্রশিক্ষণ সম্পূর্ণভাবে বন্ধ রাখা জরুরি, তা নিয়েই মূলত বিতর্কের সূত্রপাত।
একটি সূত্রকে উদ্ধৃত করে রিপোর্টে দাবি করা হয়েছে, বিজ্ঞান, গণিত, সাইবার নিরাপত্তা, ও গবেষণায় এআই মডেলগুলির সক্ষমতা বৃদ্ধি পাওয়ায় অভ্যন্তরীণ পরীক্ষার সময় সেগুলিকে নিয়ন্ত্রণ করা আরও কঠিন হয়ে উঠেছে। গবেষকরা জানিয়েছেন, কিছু এআই সিস্টেম নিজের প্রকৃত ক্ষমতা আড়াল করে নিরাপত্তা ব্যবস্থাকে ফাঁকি দিচ্ছে।
AI যত শক্তিশালী হবে, নির্মাতা সংস্থার ব্যাঙ্ক ব্যালেন্সও ততটাই মজবুত হবে। ফলে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে ক্ষমতা ও নিরাপত্তার মধ্যে কীভাবে ভারসাম্য বজায় রাখা সম্ভব হবে, তা নিয়ে প্রশ্ন উঠছে। গবেষকের একাংশের মতে, আরও শক্তিশালী সুরক্ষা ব্যবস্থা গড়ে তুলে ঝুঁকি নিয়ন্ত্রণ করা সম্ভব।
অন্য পক্ষের যুক্তি, আরও নির্ভরযোগ্য নিরাপত্তা ব্যবস্থা তৈরি না হওয়া পর্যন্ত নতুন AI মডেলের বিকাশের কাজ স্থগিত রাখা উচিত। ওপেনএআইয়ের একজন মুখপাত্র বলেছেন, সংস্থাটি নতুন কিছু নিরাপত্তা সংক্রান্ত নিয়ম চালু করেছে। ফলে ভবিষ্যতে নতুন AI মডেল প্রকাশের প্রক্রিয়া কিছুটা ধীর হতে পারে।
অ্যানথ্রোপিকের বক্তব্য, কোনও মডেলকে অভ্যন্তরীণ ব্যবহারের মধ্যে সীমাবদ্ধ রাখলেই সেটি নিরাপদ হয়ে যায় না। মডেলকে প্রশিক্ষণ দেওয়ার সময় থেকেই আমাদের দায়িত্ব শুরু হয়। বাণিজ্যিকভাবে ক্ষতির মুখে পড়তে হলেও AI মডেল প্রকাশের সিদ্ধান্ত পিছিয়ে দিতে পারে তারা। এমনকি প্রয়োজন পড়লে সেটির প্রকাশ স্থগিত রাখবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.