Apple and Motorola have reportedly saw healthy demand during Diwali
Photo Credit: Apple
উৎসবের মরসুমে অফলাইন স্মার্টফোন মার্কেটে করুণ চিত্র। এবার দীপাবলির সময়টা একেবারেই ভাল কাটেনি দোকানদারদের। খুচরো দোকানগুলিতে ক্রেতাদের আনাগোনা মোটামুটি স্বাভাবিক থাকলেও স্মার্টফোন সেভাবে বিক্রি হয়নি। নতুন রিপোর্ট অনুযায়ী, Apple ও Motorola-র মতো ব্র্যান্ডের ফোনের ভাল চাহিদা লক্ষ্য করা গিয়েছে। কিন্তু অন্যান্য সংস্থার বিক্রিবাটায় পতন ঘটেছে। ই-কমার্স প্ল্যাটফর্ম এবং অফলাইনে ফোনের দামের ক্রমবর্ধমান পার্থক্য নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন বিক্রেতারা। কারণ অনলাইনে কম দাম ও বেশি অফার প্রথাগত সেলস এবং ডিস্ট্রিবিউশন মডেলের উপর নেতিবাচক প্রভাব ফেলছে। এছাড়াও, মেমরি চিপের লাগাতার মূল্যবৃদ্ধির কারণে এমনিতেই স্মার্টফোনের চাহিদা তলানিতে।
অল ইন্ডিয়া মোবাইল রিটেলারস অ্যাসোসিয়েশনের দেওয়া তথ্য উদ্ধৃত করে মানিকন্ট্রোল জানিয়েছে, এবারের দীপাবলির সময়ে ভারতের অফলাইন স্মার্টফোন রিটেল মার্কেটের বিক্রি গত বছরের তুলনায় 18 থেকে 20 শতাংশ কমেছে। ধনতেরাস থেকে দীপাবলির পরের দিন পর্যন্ত চার দিনের ক্রেতাদের আনাগোনা সন্তোষজনক ছিল। কিন্তু এর আগের সাত দিনে স্মার্টফোন বিক্রি 40 শতাংশ হ্রাস পেয়েছে।
বিশেষ অফার ও ডিসকাউন্ট পাওয়ার আশায় অনেক ক্রেতা সেই সময় ফোন কেনার প্ল্যান পিছিয়ে দিয়েছিলেন বলে মনে করা হচ্ছে। ডিসকাউন্ট ও অন্যান্য অফার যোগ করার পর দীপাবলির সময়ে সর্বাধিক ফোন বিক্রি হয়েছে 30,000 টাকা থেকে 60,000 টাকার মধ্যে। Apple ও Motorola-র ভাল বিক্রিবাটা হয়েছে বলে দাবি করছে রিপোর্ট।
দাম বাড়ার আগে মজুত থাকা পুরনো iPhone 15, iPhone 16, ও iPhone 17 মডেলগুলির চাহিদা খুচরো বাজারে যথেষ্ট ভাল ছিল। iPhone 18 Pro ও iPhone 18 Pro Max-ও ক্রেতাদের থেকে ভাল সাড়া পেয়েছে। চমকে দেওয়ার মতো বিষয় হল, প্রিমিয়াম ফোনগুলির মধ্যে Google Pixel সিরিজের জনপ্রিয়তা বাড়তে দেখা গিয়েছে।
উৎসবের মরশুমে সবচেয়ে বেশি ধাক্কা খেয়েছে রিয়েলমি। দেশের বিভিন্ন রাজ্যে ব্র্যান্ডটির মোবাইল ফোন বিক্রির পরিমাণ 50 শতাংশের বেশি কমেছে। শাওমি, ভিভো, ও স্যাংসাংয়ের তুলনায় রিয়েলমির ফোনের দাম কিছুটা বেশি হওয়া বিক্রি কমার অন্যতম কারণ। অল ইন্ডিয়া মোবাইল রিটেলারস অ্যাসোসিয়েশনের দাবি, 40,000 টাকার বেশি দামের প্রিমিয়াম ফোনের বাজারে এখনও রিয়েলমির গ্রহণযোগ্যতা তৈরি হয়নি।
আরও জানা গিয়েছে, অফলাইন রিটেল চ্যানেলের মাধ্যমে বিক্রির লক্ষ্যমাত্রা পূরণ করতে স্যামসাংকেও সমস্যায় পড়তে হয়েছে। Galaxy S25, Galaxy S25 Ultra, এবং Galaxy Z Fold 8-এর মতো মডেলের অনলাইন ও অফলাইন মার্কেটে দামের পার্থক্য অনেক। ফলে সংস্থার এক্সক্লুসিভ ব্র্যান্ড স্টোরেও প্রভাব পড়েছে।
রিপোর্টে ছোট খুচরো বিক্রেতাদের উপর বাড়তে থাকা চাপের বিষয়টিও তুলে ধরা হয়েছে। বিশেষ করে 15,000 টাকার কম দামে স্মার্টফোন মার্কেটে পরিস্থিতি খুব কঠিন। কম দামে নতুন ফোন কেনার পরিবর্তে অনেকে পুরনো বা রিফাবরিশড ফোনের দিকে ঝুঁকেছেন। দাম বাড়ার আগে বেশি পরিমাণে ফোন মজুত করা ও বেশি ছাড় দেওয়ার কারণে সুবিধা পেয়েছে বড় শোরুম ও রিটেল স্টোরগুলি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.