Samsung Galaxy A38 might succeed this year's Galaxy A37
Photo Credit: Samsung
Samsung Galaxy A57 ও Galaxy A37 চলতি বছর মার্চে ভারতে লঞ্চ হয়েছিল। মিড-রেঞ্জ স্মার্টফোন দুটির স্পেসিফিকেশন এবং ফিচারে বেশ কিছু মিল রয়েছে। এমনকি ডিজাইনও প্রায় একই। Samsung এবার দুই ফোনের আপগ্রেড ভার্সন বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে বলে অনুমান করা হচ্ছে। কারণ অনলাইনে Samsung Galaxy A58 এবং Galaxy A38 সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে আসতে শুরু করেছে। সম্প্রতি ফোনগুলি একটি বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে দেখা গিয়েছে। সেখান থেকে র্যাম, চিপসেট, অপারেটিং সিস্টেম, ও পারফরম্যান্স সংক্রান্ত তথ্য প্রকাশ্যে এসেছে। Galaxy A58 এবং Galaxy A38 যথাক্রমে Exynos ও MediaTek চিপসেটে রান করবে বলে আশা করা হচ্ছে।
SM-A586B এবং SM-A386B মডেল নম্বরের সঙ্গে Samsung-এর দুটি অপ্রকাশিত ফোনকে Geekbench বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে লিস্টেড হয়েছে। এই মডেল নম্বর দুটি ইতিমধ্যেই বিভিন্ন সার্টিফিকেশন ওয়েবসাইটে দেখা গিয়েছে। মনে করা হচ্ছে যে সেগুলি আসন্ন Samsung Galaxy A58 এবং Galaxy A38-এর মডেল নম্বর।
Samsung Galaxy A58-এ Samsung S5E8865 চিপ রয়েছে। এটি সংস্থার নিজস্ব Exynos 1680 হতে পারে। গ্রাফিক্সের জন্য প্রসেসরটির সঙ্গে Samsung Xclipse 550 GPU থাকতে পারে। বেঞ্চমার্কে টেস্ট করা মডেলে 7.08 জিবি র্যাম দেখা গিয়েছে, যা 8 জিবি র্যাম হিসেবে মার্কেটিং করা হতে পারে।
গিকবেঞ্চের সিঙ্গেল কোর টেস্টে ফোনটি 1,183 পয়েন্ট পেয়েছে। মাল্টি কোর টেস্টে এটি 3,759 পয়েন্ট অর্জন করেছে। অন্য দিকে, Samsung Galaxy A38 গিকবেঞ্চে MediaTek MT6881 প্রসেসরের সঙ্গে দেখা গিয়েছে। এটি MediaTek Dimensity 7500 প্রসেসর হতে পারে, যার সঙ্গে ARM Mali-G625 MC2 গ্রাফিক্স দেওয়া হতে পারে।
ফোনটির 5.07 জিবি র্যাম ভ্যারিয়েন্ট বেঞ্চমার্ক করা হয়েছে। এটি বাজারে 6 জিবি হিসেবে বিক্রি করা হতে পারে। ডিভাইসটি গিকবেঞ্চের সিঙ্গেল কোর এবং মাল্টি কোর টেস্টে যথাক্রমে 996 ও 2,417 পয়েন্ট অর্জন করেছে। দুই ফোনেই Android 17 প্রি-ইনস্টলড করা থাকবে।
সম্প্রতি একটি রিপোর্টে দাবি করা হয়েছিল, Samsung Galaxy A58 এবং Galaxy A38 ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দিয়ে সজ্জিত থাকতে পারে। প্রধান সেন্সর 50 মেগাপিক্সেলের হতে পারে। Galaxy A38 মডেলে 6,000mAh ব্যাটারি ও 12 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.