Apple Upgrade offers leasing options for up to 36 months
Photo Credit: Apple
জীবনে একবার Apple-এর প্রোডাক্ট ব্যবহার করা স্বপ্ন প্রত্যেকেই দেখেন। কিন্তু শখ থাকলেই সাধ পূরণ হয় না। মার্কিন সংস্থার স্মার্টফোন হোক বা ল্যাপটপ, যে কোনও প্রোডাক্টের দাম মধ্যবিত্তের হাতের নাগালের বাইরে। কিন্তু এই সমস্যা সমাধানে এবার Apple Upgrade প্রোগ্রামের ঘোষণা করেছে ব্র্যান্ড। এটি একটি নতুন ধরনের লিজিং প্রোগ্রাম। পরিষেবাটির মাধ্যমে এককালীন পুরো দাম না মিটিয়ে নির্দিষ্ট মাসিক কিস্তি বা ভাড়া দিয়ে কোম্পানির বিভিন্ন ডিভাইস ব্যবহার করা যাবে। লিজের মেয়াদ শেষ হওয়ার পর গ্রাহক চাইলে নতুন মডেলে আপগ্রেড করতে পারবেন। এছাড়াও, ব্যবহৃত ডিভাইসটি কিনে নেওয়া বা ফেরত দেওয়ারও সুযোগ থাকবে।
অ্যাপল আপগ্রেড প্রোগ্রামে iPhone, Apple Watch, Mac, ও iPad অর্ন্তভুক্ত করা আছে। তবে সংস্থা iPhone 16, iPhone 16 Plus, Apple Watch SE, Mac Mini, iPad A16 চিপ, এবং MacBook Neo লিজ নেওয়ার সুবিধা রাখেনি। প্রোগ্রামটি এখন শুধু মার্কিন যুক্তরাষ্ট্রে উপলব্ধ। এটি ভারতে চালু হবে কিনা, তা এখনও জানা যায়নি।
মার্কিন যুক্তরাষ্ট্রে গ্রাহকরা iPhone 17, iPhone 17e, iPhone 17 Pro, ও iPhone 17 Pro Max মাসে 17.99 ডলার (প্রায় 1,720 টাকা) থেকে লিজ নিতে পারবেন। Apple Watch Series 11 ও Watch Ultra 3-এর জন্য প্রতি মাসে 11.99 ডলার (প্রায় 1,148 টাকা) থেকে লিজ শুরু হচ্ছে। ট্যাবলেটের মধ্যে iPad Air, iPad Mini, এবং iPad Pro-এরও মাসিক লিজ শুরু হচ্ছে 11.99 ডলার থেকে।
অন্য দিকে, ম্যাকের ক্ষেত্রে Apple Upgrade প্রোগ্রামে MacBook Air (M5) ও M5, M5 Pro, এবং M5 Max প্রসেসরযুক্ত MacBook Pro, M4 চিপসেট চালিত Mac, M4 Max, এবং M3 Ultra প্রসেসরযুক্ত Mac Studio অর্ন্তভুক্ত আছে। মাসিক লিজ 24.99 ডলার (প্রায় 2,400 টাকা) থেকে স্টার্ট।
Apple আপগ্রেড প্রোগ্রাম নির্বাচিত iPhone ও Apple Watch মডেল 12 অথবা 24 মাসের জন্য ভাড়া নেওয়া যাবে। Mac এবং iPad-এর ক্ষেত্রে 36 মাস পর্যন্ত লিজে নেওয়ার সুযোগ থাকবে। এই প্রোগ্রামের জন্য Klarna নামে একটি সংস্থার সঙ্গে হাত মিলিয়েছে তারা। ইচ্ছুক ক্রেতাদের প্রথমে একটি সফ্ট ক্রেডিট চেকের মধ্যে দিয়ে যেতে হবে।
পুরো আবেদন প্রক্রিয়াটি অনলাইন বা Apple স্টোরে কয়েক মিনিটের মধ্যে সম্পন্ন করা যাবে এবং কোনও সিকিউরিটি ডিপোজিট লাগবে না। প্রতি মাসে Apple কার্ডের মাধ্যমে লিজের টাকা মেটালে 3 শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক দেওয়া হবে। Klarna জানিয়েছে, কিস্তি নির্দিষ্ট সময়ে পরিশোধ না করলেও অতিরিক্ত লেট ফি নেওয়া হবে না। তবে টানা তিন মাস টাকা বকেয়া থাকলে লিজ চুক্তি বাতিল করা হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.