BSNL Rs 202 prepaid plan comes with 32 days of service validity
Photo Credit: BSNL
BSNL ভারতে ব্যবসা করা টেলিকম সংস্থাগুলির মধ্যে সবচেয়ে সস্তায় রিচার্জ প্ল্যান অফার করে। নামের প্রতি সুনাম বজায় রেখে এবার 202 টাকা দামের একটি চমৎকার প্রিপেইড রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থাটি। প্ল্যানটির সবচেয়ে বড় চমক হল 32 দিনের ভ্যালিডিটি। এতে ভয়েস কল করা, ডেটা ব্যবহার, এবং SMS পাঠানোর সুবিধা মিলবে। এটি কমপ্লিমেন্টারি ইন্সুরেন্সের সঙ্গে এসেছে। অতিরিক্ত প্রিমিয়াম না দিয়েই দুর্ঘটনায় মৃত্যুর ক্ষেত্রে 1 লাখ টাকা পর্যন্ত বিমা পাওয়া যাবে। এছাড়াও, গ্রাহকরা সাইবার জালিয়াতির সম্মুখীন হলে সর্বোচ্চ 10,000 টাকা কভার পাবে।
বিএসএনএল 202 প্রিপেইড প্ল্যানে 300 মিনিট বা 5 ঘন্টা ভয়েস কল করা যাবে। 5 জিবি পর্যন্ত ইন্টারনেট ব্যবহার করতে পারবে গ্রাহকরা। ফেয়ার ইউজেস পলিসি (FUP) ডেটার নির্ধারিত সীমা শেষ হয়ে গেলে ইন্টারনেটের গতি কমে 40 Kbps-এ নেমে আসবে। প্ল্যানটিতে মোট 100টি ফ্রি এসএমএস অর্ন্তভুক্ত আছে।
বর্তমানে ভয়েস প্ল্যানে এত কম খরচে এমন মেয়াদের প্ল্যান অন্য কেউ দিচ্ছে না। যারা সীমিত পরিমাণে ভয়েস কলিং, ইন্টারনেট ডেটা, ও এসএমএস ব্যবহার করতে চান, তাদের জন্য প্ল্যানটি উপযুক্ত হতে পারে। এই ভয়েস ভাউচার এখন BSNL এর ওয়েবসাইট ও Self Care অ্যাপে দেখা যাচ্ছে। দেশের সমস্ত টেলিকম সার্কেলে প্ল্যানটি উপলব্ধ করা হয়েছে।
প্রসঙ্গত, বিনামূল্যে বিমা দেওয়ার জন্য দ্য ওরিয়েন্টাল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের সঙ্গে হাত মিলিয়েছে বিএসএনএল। এক লাখ টাকার দুর্ঘটনা বিমা সড়ক দুর্ঘটনা, আগুনে পুড়ে যাওয়া, সাপের কামড়, বজ্রপাত, এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর মতো ঘটনায় পাওয়া যাবে।
অন্য দিকে, 10,000 টাকা পর্যন্ত সাইবার ফ্রড কভারের সুবিধা পেতে গেলে গ্রাহকের BSNL মোবাইল নম্বর তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকতে হবে। জালিয়াতির ঘটনা সাত দিনের মধ্যে সংস্থাকে জানালে তবেই বিমার টাকা পাওয়া যাবে।
BSNL ব্যবহারকারীদের ইন্সুরেন্সের জন্য আলাদা করে আবেদন করতে হবে না। রিচার্জ করার 24 ঘন্টা পর স্বয়ংক্রিয়ভাবে বিমা চালু হয়ে যাবে। যতদিন প্ল্যান সক্রিয় থাকবে, ততদিন বিমার সুবিধা থাকবে। প্ল্যানের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর নতুন করে রিচার্জ না করলে বিমা বন্ধ হয়ে যাবে। এই সম্পর্কিত সমস্ত শর্তাবলী সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে চেক করে নিতে পারেন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.