Apple HomePod Mini 2 may get Siri AI support
Photo Credit: Unsplash/Howard Bouchevereau
Apple-এর "Surprise and Shine" ইভেন্ট আগামী বুধবার (সেপ্টেম্বর 9) অনুষ্ঠিত হচ্ছে। নতুন আইফোন ছাড়াও একঝাঁক স্মার্ট ডিভাইস আনতে চলেছে টেক জায়ান্টটি। iPhone 18 Pro ও iPhone 18 Pro Max মডেলের আত্মপ্রকাশ নিশ্চিত। তবে এই বছর শুধুমাত্র হাই-এন্ড মডেল আসবে। স্ট্যান্ডার্ড iPhone 18 এবং iPhone Air 2 লঞ্চ হতে পারে 2027 সালে। এবারের ইভেন্টে সবচেয়ে বড় চমক হবে Apple-এর সর্বপ্রথম ফোল্ডেবল আইফোন। যাকে iPhone Ultra নামে ডাকা হচ্ছে। এখন নতুন রিপোর্ট বলছে, আগামী সপ্তাহে দুটি নতুন HomePod মডেল লঞ্চ হতে পারে।
9to5mac তাদের রিপোর্টে জানিয়েছে, Apple বুধবার স্মার্ট হোম ডিভাইসের নতুন সিরিজ লঞ্চ করতে পারে। যার মধ্যে HomePod Touch, HomePad Mini 2, এবং নেক্সট-জেনারেশন Apple TV 4K থাকতে পারে। দাবি করা হয়েছে, নতুন HomePod Touch স্পিকারে 7 ইঞ্চি টাচস্ক্রিন থাকতে পারে।
অন্য দিকে, HomePod Mini 2 মডেলে নতুন চিপসেট, বিভিন্ন অডিও এনহ্যান্সমেন্ট, ও Siri AI যুক্ত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। Apple সাধারণত সেপ্টেম্বরের ইভেন্টে নতুন আইফোন, এয়ারপড, এবং ওয়াচ লঞ্চ করে। অন্যান্য ডিভাইসগুলি বছরের অন্যান্য সময় বাজারে আসে। কিন্তু এই বছর তার ব্যতীক্রম ঘটতে চলেছে বলে মনে করা হচ্ছে।
সেপ্টেম্বর ইভেন্টের পরে অক্টোবর মাসেও Apple-এর একাধিক নতুন প্রোডাক্ট লঞ্চ হওয়ার সম্ভাবনা আছে। রিপোর্ট অনুসারে, ওই সময় সংস্থা MacBook Ultra উন্মোচন করতে পারে। এই কোম্পানির প্রথম টাচস্ক্রিন ল্যাপটপ হতে পারে। এছাড়াও, M6 প্রসেসর পরিচালিত নতুন MacBook Pro, আপডেটেড iMac, এবং OLED ডিসপ্লেযুক্ত প্রথম iPad বাজারে আসতে পারে।
প্রসঙ্গত, Apple-এর প্রথম ফোল্ডিং ফোনে Galaxy Z Fold 8-এর মতো ওয়াইড ফোল্ডেবল ডিজাইন থাকতে পারে। এটি Samsung-এর তৈরি ভাঁজযোগ্য ডিসপ্লে ব্যবহার করতে পারে। এতে মাঝের ক্রিজ বা ভাঁজের দাগ কম চোখে পড়বে। ডিভাইসটি ভাঁজ করা অবস্থায় পাসপোর্টের মতো দেখতে লাগবে। ভারতীয় মুদ্রায় দাম 2 লক্ষ টাকার কাছাকাছি থাকতে পারে।
ফোনটি ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দিয়ে সজ্জিত থাকতে পারে। তবে iPhone 18 Pro ও iPhone 18 Pro Max ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেম অফার করবে। দুই ফোনেই Apple A20 Pro প্রসেসর দেওয়া হতে পারে। ফোনগুলি তিন বা চারটি কালার অপশনে উপলব্ধ হওয়ার সম্ভাবনা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.