OnePlus স্মার্টফোনে Android 17-এর সঙ্গে OxygenOS-এর জায়গায় আসবে ColorOS।
Photo Credit: Unsplash/ TechieTech Tech
OnePlus will shift from OxygenOS to ColorOS 17
OnePlus জল্পনা সত্যি করে আমেরিকা ও ইউরোপের বাজারে মোবাইল ফোন বিক্রি বন্ধ করে দেওয়ার ঘোষণা করেছে। একইসঙ্গে, সংস্থা তাদের স্মার্টফোনের ইউজার ইন্টারফেস হিসেবে OxygenOS-এর পরিবর্তে Oppo ColorOS ব্যবহার করার কথা জানিয়েছে। সংস্থার যে সমস্ত ডিভাইস সফটওয়্যার আপগ্রেডের উপযুক্ত, সেগুলোর কাস্টম স্কিন Android 17 ভার্সনের সঙ্গে ColorOS 17-এ মিশে যাবে। OnePlus একাধিক দেশের বাজার থেকে ব্যবসা গুটিয়ে নিলেও, সেখানে ব্র্যান্ডের বর্তমান ডিভাইস ব্যবহারকারীদের জন্য পরিষেবা অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেছে। আগের মতোই সফটওয়্যার আপডেট, সিকিউরিটি প্যাচ, ওয়ারেন্টি কভারেজ, ও বিক্রয়োত্তর পরিষেবা পাবে গ্রাহকরা।
ব্লুমবার্গের রিপোর্ট থেকে জানা গিয়েছিল, OnePlus আগামী বছরের মধ্যে ভারতের বাজার থেকে সরে যেতে পারে। কিন্তু সংস্থা বিবৃতি দিয়ে দলেছে, "ভারত এখনও তাদের জন্য গুরুত্বপূর্ণ বাজার ও ইউজার, পার্টনার, এবং কমিউনিটির প্রতি আমাদের প্রতিশ্রুতি অটুট থাকবে।" অর্থাৎ আমেরিকা ও ইউরোপে ব্যবসা বন্ধ করলেও, এই দেশে ব্র্যান্ডের কার্যক্রমে কোনও প্রভাব পড়বে না।
তবে ভারতে OnePlus ব্যবহারকারীদের জন্য বড় পরিবর্তন আসছে। সংস্থা কনফার্ম করেছে, ভারতে যে সমস্ত ডিভাইস Android 17 আপডেট পাওয়ার কথা, সেগুলো ColorOS-এ আপগ্রেড হবে। ব্যবহারকারীরা Android 17 ভিত্তিক ColorOS 17 প্রকাশের পর সেই আপডেট ইনস্টল করে নিতে পারবেন।
OnePlus আরও জানিয়েছে, "সফটওয়্যার স্ট্রাটেজিতে পরিচালনাগত পরিবর্তনের কারণে আমাদের ডিভাইস ধীরে ধীরে OxygenOS থেকে Oppo-এর ColorOS-এ আপডেট করা হবে। ফলে সফটওয়্যার ডেভেলপমেন্টকে আরও সহজ করতে, দ্রুত আপডেট দিতে, আমাদের যৌথ ইঞ্জিনিয়ারিং, এবং গবেষণা-উন্নয়ন সক্ষমতাকে কার্যকরভাবে কাজে লাগানো সম্ভব হবে। গ্রাহকরা পরে রোলআউটের বিস্তারিত সময়সূচী জানতে পারবেন। "
প্রসঙ্গত, 2015 সালের মার্চে OxygenOS রিলিজ হয়েছিল। তবে এটি ColorOS-এর মতো একই সফটওয়্যার ফাউন্ডেশনের উপর ভিত্তি করে নির্মিত। তবে উভয়ের ইউজার ইন্টারফেস ও ভিজ্যুয়াল আইডেন্টিটি আলাদা ছিল। 2021 সালে ওয়ানপ্লাসের প্রতিষ্ঠাতা Pete Lau আনুষ্ঠানিকভাবে OxygenOS এবং ColorOS-এর কোডবেস মিশিয়ে দেওয়ার ঘোষণা করেন। একই বছর OnePlus তাদের চীনের জন্য তৈরি HydrogenOS বন্ধ করে দিয়ে ColorOS ব্যবহার শুরু করে।
উল্লেখ্য, OnePlus N6x শীঘ্রই ভারতে আসতে চলেছে। ব্র্যান্ডের N সিরিজের প্রথম ফোন N6 জুনের শেষে এ দেশে লঞ্চ হয়েছিল। এবার এই লাইনআপের দ্বিতীয় স্মার্টফোন রিলিজ হচ্ছে। আসন্ন OnePlus N6x-এর একটি মাইক্রোসাইট Amazon-এ লাইভ হয়েছে। কিন্তু কোম্পানি এখনও বাজারে আসার তারিখ, ডিজাইন, স্পেসিফিকেশন, ফিচার বা দাম সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করেনি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Music Studio 5, Music Studio 7 Wi-Fi Speakers Launched in India