Jio is offering JioBharat 4G phones with six months of free recharge
Photo Credit: Jio
2026 সালে 10 বছর পূর্ণ করেছে Jio। মুকেশ আম্বানির মালিকানাধীন টেলিকম সংস্থাটির হাত ধরে ইন্টারনেট বিপ্লবের সূচনা হয়েছিল দেশে। দশম বর্ষপূর্তি উপলক্ষে এবার একটি আকর্ষণীয় অফার ঘোষণা করেছে তারা। নতুন অফারটি JioBharat 4G লাইনআপের ফিচার ফোনের উপর প্রযোজ্য। মাত্র 1,499 টাকা দিয়ে এই সিরিজের ফোন কিনলে ছয় মাসের জন্য বিনামূল্যে আনলিমিটেড HD ভয়েস কল করার সুবিধা মিলবে। এছাড়াও, ইন্টারনেট অ্যাক্সেস করার জন্য প্রতি মাসে পর্যাপ্ত পরিমাণ ডেটা পাবে গ্রাহকরা। যারা এখনও 2G ফোন চালান, তাদের 4G নেটওয়ার্কে আপগ্রেড করতেই এমন অফার চালু করেছে জিও।
জিওর অ্যানিভার্সারি অফারে B2, B3, ও A1 মডেলের JioBharat 4G ফিচার ফোন মাত্র 1,499 টাকায় কেনা যাবে। ফোনের সঙ্গে ছয় মাসের কমপ্লিমেন্টারি রিচার্জ যুক্ত থাকবে। প্রতি মাসে 14 জিবি ডেটা এবং যত খুশি ফোনে কথা বলার সুবিধা পাওয়া যাবে।
সংস্থা দাবি করছে, এখনও অনেক 2G মোবাইল ফোন গ্রাহকরা প্রতি মাসে গড়ে 199 টাকার রিচার্জ করেন। 6 মাসের হিসেবে খরচের পরিমাণ প্রায় 1,200 টাকা। Jio এই ক্যালকুলেশনেই ফোনটির কার্যকর দাম 299 টাকা বলে উল্লেখ করেছে। অর্থাৎ, গ্রাহকদের শুরুতে 1,499 টাকা খরচ করতে হচ্ছে ঠিকই। কিন্তু পরবর্তী ছয় মাস ডেটা বা রিচার্জের জন্য এক পয়সাও লাগবে না।
JioBharat সিরিজে একাধিক মডেল বিক্রি হয়। এই 4G ফিচার ফোনগুলোতে কল করা এবং মেসেজ পাঠানোর পাশাপাশি বিনোদন এবং ডিজিটাল পরিষেবার সুবিধা আছে। কিপ্যাড থাকার ফলে সিনিয়র সিটিজেনদের ব্যবহারের জন্য উপযুক্ত। ব্যবহারকারীরা জিওহটস্টারে লাইভ ক্রিকেট, সিনেমা, ও অন্যান্য কনটেন্ট দেখার সুবিধা পান।
জিওভারত 4G ফোনে বড় 2.4 ইঞ্চি ডিসপ্লে ও শক্তিশালী 2,000 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি পাওয়া যায়। এগুলি কোম্পানির ফোর-জি নেটওয়ার্ক ও এইচডি ভয়েস কলিং সুবিধার সঙ্গে আসে। ফোনে JioTV-এর মাধ্যমে 500-এরও বেশি টিভি চ্যানেল দেখা যায়। কোম্পানির মিউজিক পরিষেবার মাধ্যমে লক্ষ লক্ষ গান শোনা যায়।
JioBharat ফোনে JioPay পরিষেবার মাধ্যমে ডিজিটাল পেমেন্টও করা যায়। এতে পেমেন্ট এলার্ট ও সাউন্ড বক্সের সুবিধাও উপলব্ধ। সিকিউরিটির জন্য জিও সেফটি শিল্ডে সেফ কলিং এবং লোকেশন মনিটরিং ফিচার যুক্ত করেছে কোম্পানি।
প্রসঙ্গত, সম্প্রতি গ্রাহকদের জন্য বিনামূল্যে Canva সাবস্ক্রিপশন দেওয়ার কথা ঘোষণা করেছে Jio। সংস্থা 399 টাকার রিচার্জ প্ল্যানে 12 মাসের ক্যানভা প্রো অফার করবে। অন্য দিকে, 349 টাকার প্রিপেইড প্ল্যানে 1 বছরের জন্য ক্যানভা প্রো লাইট সাবস্ক্রিপশন অর্ন্তভুক্ত থাকছে। MyJio অ্যাপ থেকেই ফ্রি সাবস্ক্রিপশন ক্লেইম করা যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.