Facebook has updated the three-dot menu to access Your Algorithm feature
Photo Credit: Unsplash/Mariia Berezovsky
অ্যালগরিদমের দুর্বোধ্য অঙ্ক আর আপনার পছন্দ ঠিক করে দেবে না। সোশ্যাল মিডিয়াতে কেমন কনটেন্ট দেখতে পাবেন, তার নিয়ন্ত্রণ আপনার হাতের মুঠোয়। Facebook ব্যবহারকারীদের জন্য এমনই সুবিধার ঘোষণা হয়েছে। ফেসবুক তখনই বেশি ব্যবহার করতে ইচ্ছা করে, যখন নিজের পছন্দের পোস্ট ও রিলস ফিডে দেখানো হয়। এতদিন লাইক, কমেন্ট, এবং সার্চের উপর ভিত্তি করে ইউজারদের পছন্দ ও অপছন্দের নাগাল পাওয়ার চেষ্টা করতো ফেসবুক। কিন্তু এবার থেকে ব্যবহারকারীদের হাতেই অ্যালগরিদমের কন্ট্রোল তুলে দিচ্ছে মার্ক জাকারবার্গের সংস্থা। নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত টুলের সাহায্যে নিজের ভাষায় ফেসবুককে জানানো যাবে, ফিড ও রিলসে ঠিক কেমন ধরনের কনটেন্ট দেখতে চান আপনি।
মেটা বুধবার তাদের ব্লগ পোস্টে "ইয়োর অ্যালগরিদম" ফিচারের ঘোষণা করেছে। এর সাহায্যে ইউজাররা কী ধরনের কনটেন্ট বা বিষয়বস্তু রিলস এবং ফিডে দেখতে চান, তা বেছে নিতে পারবেন। অর্থাৎ, ফেসবুক আপনার রুচি ও পছন্দ অনুযায়ী রেকমেন্ডেশন তৈরি করবে। যেখানে কোন ধরনের ভিডিও ও পোস্ট দেখতে চান, তা পুরোপুরি আপনার হাতে। অপছন্দের কনটেন্ট আর বিরক্ত করবে না।
ফেসবুক এই ফিচারের জন্য প্রতিটি পোস্টে থ্রি-ডট মেনুতে আলাদা একটি বিভাগ রেখেছে। সেখানে কোন পোস্ট বেশি দেখতে আগ্রহী এবং কোনটায় নয়, তা যোগ করার সুবিধা পাওয়া যাবে। ফেসবুক ফিড ও রিলসে দেখানো পোস্টগুলির ক্ষেত্রেও ফিডব্যাক দেওয়ার সুযোগ বাড়াচ্ছে মেটা।
নতুন আপডেটের পর Facebook ইউজাররা কোনও পোস্টে "ইন্টারেস্টেড" অথবা "নো ইন্টারেস্টেড" সিলেক্ট করে নিজেদের মতামত জানাতে পারবে। তারপর মেটা পছন্দ ও অপছন্দের বিষয় সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পেতে আরও কিছু অতিরিক্ত প্রশ্ন করতে পারে। ফলে কোন বিষয়গুলি বেশি দেখতে চান এবং কোনগুলি কম, তা সরাসরি ফেসবুককে জানানো যাবে। এতদিন এই সুবিধা ছিল না।
Meta জানিয়েছে, নিজের পছন্দের বিষয়গুলি আপডেট করার সঙ্গে সঙ্গেই ফেসবুকে কনটেন্টের সুপারিশ বদলে যাবে। যেখানে আগে লাইক, কমেন্ট, ও কনটেন্ট দেখার অভ্যাস বিশ্লেষণ করে প্রাসঙ্গিক পোস্ট ফিডে আনতো ফেসবুক। সংস্থার দাবি, ইয়োর অ্যালগরিদম টুলে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা এলএলএম (LLM) ব্যবহার করা হয়েছে। তাই স্বাভাবিক ভাষায় নিজের পছন্দের কথা জানালে, সেই কথার অর্থ, প্রেক্ষাপট, ও উদ্দেশ্য বুঝে ফেসবুক ফিডে কনটেন্ট সুপারিশ করা হবে।
সংস্থার তরফে বিবৃতিতে বলা হয়েছে, "ব্যবহারকারীরা এখন থেকে ফেসবুকের অভিজ্ঞতা নিজের পছন্দ অনুসারে আরও ভালভাবে সাজিয়ে নিতে পারবেন। তারা আরও প্রাসঙ্গিক, রুচির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ও ব্যক্তিগত আগ্রহকে গুরুত্ব দেওয়া কনটেন্টের সুপারিশ পাবেন। ইয়োর অ্যালগরিদম বিভাগে থেকে কাস্টমাইজেশনের সুবিধা মিলবে।"
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.