NPCI postpones UPI MDR charges until after Diwali
Photo Credit: Paytm
ক্রেতা এবং বিক্রেতা উভয়ের জন্য সুখবর। পরশুদিন (অক্টোবর 15) থেকে UPI-এর মাধ্যমে করা ব্যবসায়িক লেনদেনে মাসুল (মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা MDR) চালুর কথা ছিল। দোকানে ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেসে 2,000 টাকার বেশি মূল্যের লেনদেনে 0.4 শতাংশ চার্জ বসানোর কথা জানিয়েছিল ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া বা NPCI। কিন্তু মঙ্গলবার মাসুল বসানোর দিনক্ষণ পিছোনোর ঘোষণা করেছে ইউপিআই নিয়ন্ত্রণকারী সংস্থা এনপিসিআই। উৎসবের মরসুমের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। ফলে এ বছর পুজো-সহ পুরো উৎসবের মরসুমে 2,000 টাকার বেশি UPI লেনদেনের ক্ষেত্রে ব্যবসায়ীদের কোনও মাসুল গুনতে হবে না।
দীপাবলির পর মার্চেন্ট ডিসকাউন্ট রেট চালু হবে৷ তবে কোন তারিখ থেকে নতুন নিয়ম কার্যকর হবে, তা পরে পৃথক বিজ্ঞপ্তি জারি করে জানানো হবে। অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত ভারতে ফেস্টিভ সিজন। কেনাকাটা বৃদ্ধির ফলে চাঙ্গা থাকে বাজার। সরকারের কোষাগারেও আসে বাড়তি টাকা। সেই কারণেই পুজোর সময় ইউপিআইতে ব্যবসায়িক লেনদেনে মাসুল বসানোর সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র।
মার্চেন্ট ডিসকাউন্ট রেট নিয়ে বিতর্ক অবশ্য কম হয়নি। এতে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন বলে আশঙ্কা তৈরি হয়। প্রথমে মাসুল কাকে দিতে হবে, সেই নিয়েও ধোঁয়াশা সৃষ্টি হয়েছিল। যদিও এনপিসিআই স্পষ্ট করে বলেছে, সাধারণ গ্রাহকের কাছ থেকে কোনও টাকা নেওয়া হবে না। সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ব্যাঙ্ক বা পেমেন্ট পরিষেবা প্রদানকারী সংস্থাকে ওই চার্জ দিতে হবে। ইউপিআই অ্যাপে এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির মধ্যে হওয়া টাকা ট্রান্সফার মাসুলের আওতার বাইরে থাকবে।
75,000 টাকা বা তার বেশি মূল্যের লেনদেনের ক্ষেত্রে এমডিআর চার্জ সর্বোচ্চ 300 টাকা পর্যন্ত নেওয়া হবে। 1 লাখ টাকার লেনদেনের ক্ষেত্রেও 300 টাকা পর্যন্ত ক্যাপ থাকবে। তবে বেশ কিছু পরিষেবার ক্ষেত্রে শতাংশের পরিবর্তে নির্দিষ্ট হারে এমডিআর নেওয়া হবে রেল, বীমা, টেলিকম, এবং জ্বালানির (তেল) মতো ক্ষেত্রে 2,000 টাকার বেশি মূল্যের প্রতিটি ইউপিআই লেনদেনের জন্য 5 টাকা হারে MDR দিতে হবে।
অন্য দিকে, মিউচুয়াল ফান্ডস, সিকিউরিটিস, স্টক ব্রোকার, ও ডিলারদের ক্ষেত্রে 0.2 শতাংশ হারে মাসুল প্রযোজ্য হবে। তবে এই চার্জ প্রতি লেনদেনে সর্বোচ্চ 300 টাকা পর্যন্ত সীমাবদ্ধ থাকবে। এমডিআর চার্জ তখনই প্রযোজ্য হবে, যখন ক্রেতারা কোনও পণ্য বা পরিষেবা নেওয়ার জন্য ব্যবসায়ীকে ইউপিআইতে 2,000 টাকার বেশি পেমেন্ট করবে। বন্ধুবান্ধব, নিজের অ্যাকাউন্ট, বা পরিবারের সদস্যদের মধ্যে টাকাপয়সা আদানপ্রদানে কোনও অতিরিক্ত টাকা লাগবে না।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.