WhatsApp Web থেকেই যেমন অডিও ও ভিডিও কল করা যাবে, তেমনই সেগুলি রিসিভ করার সুবিধা মিলবে।
Photo Credit: WhatsApp
WhatsApp Web now supports personal and group audio and video calls
WhatsApp বেশ কিছু নতুন অডিও এবং ভিডিও কলিং ফিচার চালুর ঘোষণা করেছে। Meta-র মালিকানাধীন জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি জানিয়েছে, এবার WhatsApp Web থেকেই সরাসরি ব্যক্তিগত কল বা গ্রুপ কলিং করা যাবে। আলাদা করে ডেক্সটপ অ্যাপ ডাউনলোড করার প্রয়োজন হবে না। আবার কেটে না দিয়েই চলতে থাকা গ্রুপ কল এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে সহজে ট্রান্সফার করতে পারবে ইউজাররা। এছাড়াও, কল লিঙ্ক ব্যবহার করে কারা কলে যোগ দিতে পারবে, তা নিয়ন্ত্রণ করার জন্য নতুন ওয়েটিং রুম ফিচারও চালু হয়েছে। হোয়াটসঅ্যাপে আর কী কী নতুন ফিচার যুক্ত হল, তা বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন।
মেটা জানিয়েছে, হোয়াটসঅ্যাপ ওয়েব থেকেই যেমন অডিও এবং ভিডিও কল করা যাবে, তেমনই সেগুলি রিসিভ করার সুবিধা পাওয়া যাবে। অর্থাৎ, ডেস্কটপ অ্যাপ ব্যবহারের বাধ্যবাধকতা রইল না। এই ফিচার তাঁদের জন্য বিশেষ উপযোগী, যাঁরা শেয়ার করা কম্পিউটার চালান বা অফিসে এমন ল্যাপটপ ব্যবহার করেন, যেখানে অ্যাপ ইনস্টল করা যায় না।
স্মার্টফোনের মতো হোয়াটসঅ্যাপ ওয়েবে স্ক্রিন শেয়ারিং, রিয়্যাকশন, ও কলের জন্য আলাদা ট্যাব পাওয়া যাবে। সম্পূর্ণ কল হিস্ট্রি ও ফেভারিট কনট্যাক্টও দেখা যাবে। সংস্থার দাবি, ওয়েবে করা সমস্ত অডিও ও ভিডিও কল এনক্রিপ্টেড থাকবে। তাছাড়া, কোনও সময়সীমা বা অতিরিক্ত খরচের বিষয় নেই।
হোয়াটসঅ্যাপে ডিভাইসের মধ্যে ট্রান্সফার কল ফিচার যুক্ত হয়েছে। এবার থেকে চলমান গ্রুপ কল কেটে না দিয়েই এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে স্থানান্তর করা যাবে। উদাহরণস্বরূপ, যদি বাইরে থাকাকালীন স্মার্টফোন বা ট্যাবে গ্রুপ কল শুরু করা হয়, তাহলে অফিসে পৌঁছে একই কল কম্পিউটার বা ল্যাপটপের বড় স্ক্রিনে নির্বিঘ্নে চালিয়ে যেতে পারবেন। একই পদ্ধতিতে ওয়েব বা ডেস্কটপ থেকে মোবাইলে কল ট্রান্সফার করা যাবে।
হোয়াটসঅ্যাপে কল লিঙ্ক তৈরির সময় "রিকুয়ার অ্যাপ্রুভাল টু জয়েন" অপশন চালু করতে পারবেন। এটি সক্রিয় থাকলে কল লিঙ্কে ক্লিক করে যোগ দিতে যাওয়া অংশগ্রহণকারীরা সরাসরি কলে প্রবেশ করতে পারবে না। তারা ওয়েটিং রুমে অপেক্ষা করবেন ও হোস্ট অনুমোদন দেওয়ার পর গ্রুপ কলে যোগ দিতে পারবে।
WhatsApp কলের সময় আশেপাশের অপ্রয়োজনীয় শব্দ কমাতে নয়েস সাপ্রেশন ফিচার যুক্ত হয়েছে। মেটার দাবি, প্রযুক্তিটি ব্যাকগ্রাউন্ডের শব্দ ফিল্টার করে ব্যবহারকারীর কন্ঠস্বর আরও স্পষ্টভাবে অপর প্রান্তের ব্যক্তির কাছে পৌঁছে দেবে। ফলে কোলাহলপূর্ণ ব্যস্ত পরিবেশে পরিষ্কারভাবে কথা বলা সম্ভব হবে। ফিচারটি সেটিংস থেকে অন বা অফ করে রাখা যাবে।
WhatsApp কুইকএইচডি নামে একটি নতুন প্রযুক্তি চালু করেছে। কল শুরু করার প্রথম কয়েক সেকেন্ডের মধ্যেই হাই-ডিফিনিশনে ভিডিও দেখতে পাবেন। যেখানে আগে ভিডিওর মান উন্নত হতে কিছুটা সময় লাগত। নতুন ফিচারগুলি ধাপে ধাপে সকল ব্যবহারকারীদের জন্য রোলআউট হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন