OpenAI দাবি করছে যে, ChatGPT Health চিকিৎসা সম্পর্কিত পরিভাষা সহজভাবে ব্যাখ্যা করবে।
Photo Credit: OpenAI
ChatGPT will offer health guidance using medical reports
ChatGPT-এর কাছ থেকে স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ পাওয়া আরও সহজ হল। OpenAI আর্লি অ্যাক্সেস পর্যায় শেষে সাধারণ ব্যবহারকারীদের জন্য ChatGPT Health ফিচার চালু করেছে। পরিষেবাটি চলতি বছরের জানুয়ারি থেকে সীমিত সংখ্যক ইউজারদের জন্য পরীক্ষামূলকভাবে উপলব্ধ ছিল। এটি রক্ত পরীক্ষার রিপোর্ট এবং অন্যান্য মেডিকেল টেস্টের রেজাল্ট বুঝতে সক্ষম। চ্যাটজিপিটি হেলথ নতুন ও পুরনো রিপোর্টের মধ্যে কী কী পরিবর্তন এসেছে, সেটাও ধরতে পারে। ডাক্তারের সঙ্গে সাক্ষাৎ আছে? কী কী জিজ্ঞাসা করা উচিত, সেই সংক্রান্ত নানা প্রশ্নও প্রস্তুত করতেও সাহায্য করবে চ্যাটজিপিটির নয়া টুল।
চ্যাটজিপিটি হেলথ ফিচার মার্কিন যুক্তরাষ্ট্রে 18 বছর বা তার বেশি বয়সিদের জন্য চালু করা হয়েছে। এটি চ্যাটজিপিটির ওয়েবসাইট এবং আইফোনে ব্যবহার করা যাবে। Free, Go, Plus ও Pro, চারটি প্ল্যানেই হেলথ টুল উপলব্ধ হবে। অন্যান্য দেশে কবে রোলআউট হবে, তা জানা যায়নি।
স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ পাওয়ার জন্য চ্যাটজিপিটি হেলথ অ্যাপল হেলথ বা ওয়ান মেডিকেল ও ফাংশন হেলথের মতো সমর্থিত মেডিকেল রেকর্ড পরিষেবার সঙ্গে সংযুক্ত করা যেতে পারে। তারপর চ্যাটজিপিটি ব্যবহারকারীর খাওয়া ওষুধ, ল্যাব রিপোর্ট, ডাক্তারের প্রেসক্রিপশন, খাদ্যাভ্যাস, ও ঘুমের ডেটা ব্যবহার করবে। ফিচারটি সেই তথ্যের উপর ভিত্তি করে প্রশ্নের উত্তর দেবে।
OpenAI দাবি করছে যে, ChatGPT Health চিকিৎসা সম্পর্কিত পরিভাষা সহজভাবে ব্যাখ্যা করবে। মেডিকেল রেকর্ড যুক্ত করার পর চ্যাটজিপিটিকে দিয়ে নিজেদের স্বাস্থ্যগত সমস্যা ও ওষুধ পর্যালোচনা করা যাবে। সংস্থা অবশ্য স্পষ্ট করে জানিয়েছে, ফিচারটি কখনই একজন ডাক্তারের বিকল্প নয়। চ্যাটজিপিটি হেলথের মূল উদ্দেশ্য হল মানুষকে তাঁদের স্বাস্থ্য এবং চিকিৎসা সংক্রান্ত তথ্য আরও ভালভাবে বুঝতে সাহায্য করা।
মার্কিন সংস্থাটির দাবি, প্রতি সপ্তাহে চ্যাটজিপিটি 30 কোটিরও বেশি স্বাস্থ্য সংক্রান্ত প্রশ্নের সম্মুখীন হয়। ব্যবহারকারীরা ল্যাব রিপোর্ট বুঝতে, চিকিৎসকের সঙ্গে অ্যাপয়েনমেন্টের প্রস্তুতি নিতে, ডাক্তারের পরামর্শ সহজবোধ্য ভাষায় ব্যাখ্যা করতে, ও আরও স্বাস্থ্যকর জীবনযাপন গড়ে তুলতে তাদের এআই চ্যাটবটের শরণাপন্ন হন।
উপরের কারণগুলির জন্যই চ্যাটজিপিটি-এ নতুন হেলথ ফিচারের আগমন। এটি স্বাস্থ্য সম্পর্কিত সমস্ত ডেটা এক জায়গায় রেখে পরামর্শদাতার কাজ করবে। তথ্যের গোপনীয়তা নিয়েও আশ্বস্ত করেছে তারা। OpenAI বলেছে, মেডিকেল রেকর্ড এবং অ্যাপল হেলথের ডেটা নিরাপদে স্টোর করে রাখা হবে। এগুলি তাদের AI মডেল প্রশিক্ষণের কাজে ব্যবহার হবে না।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন